বরগুনায় ৩০০ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার
বরগুনার বিষখালী-পায়রা নদীর মোহনা থেকে ১৫২টি (৩০০ ঘনফুট) সুন্দরীগাছের কাঠ আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার গভীর রাতে কোস্টগার্ড পাথরঘাটা ঘাঁটির সদস্যরা অভিযান চালিয়ে ওই কাঠ উদ্ধার করেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্টগার্ড সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বিষখালী-পায়রা নদীর মোহনায় জয়ালভাঙায় অভিযান চালানো হয়। এ সময় নামবিহীন একটি ট্রলারে তল্লাশি চালিয়ে সুন্দরী কাঠ আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। ট্রলারটি আটক করার সময় সেখানে অবস্থানরত ৮-১০ জন কাঠচোর নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়।কোস্টগার্ড পাথরঘাটা ঘাঁটির কমান্ডার সাব লে. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ১৫২টি সুন্দরীগাছের কাঠ স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে জমা দেওয়া হয়েছে।বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, সুন্দরবন থেকে এসব গাছ অবৈধভাবে কেটে বরিশালের স্বরূপকাঠি অথবা খুলনায় পাচার করা হচ্ছিল। কোস্টগার্ড ও বন বিভাগের কর্মকর্তারা জানান, পায়রা-বিষখালী নদীর মোহনা এলাকা দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা নিরাপদ পথ হিসেবে ব্যবহার করে বিভিন্ন চোরাই মালামাল পাচার করে আসছে। গত ১০ ফেব্রুয়ারি পায়রা-বিষখালী মোহনা থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিচ বোঝাই একটি ট্রলার আটক করে কোস্টগার্ড। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়বোঝাই আরেকটি ট্রলার আটক করা হয়। এ ছাড়া গত ১৬ ফেব্রুয়ারি কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা শরণখোলার বাংলাবাজার গ্রাম থেকে বাঘের তিনটি চামড়া ও ১৩৮ টুকরা হাড় উদ্ধার করেন।