ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে প্রবল বর্ষণ ও নদীতে পানি বাড়ায় বরগুনার আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ও পচাকোড়ালিয়া ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় বগীরখালে বাঁধ না থাকায় এসব গ্রাম প্লাবিত হয়েছে। একই কারণে সদরসহ বিভিন্ন উপজেলার জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। লায়লার প্রভাবে গতকালও বঙ্গোপসাগর উত্তাল ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল বর্ষণ ও নদীতে পানি বাড়ায় আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ও পচাকোড়ালিয়া ইউনিয়নের চড়পাড়া গাবতলী, হেলেঞ্চাবাড়িয়া, কচুপাত্রা, নলবুনিয়া, শারিকখালী, চাউলাপাড়া, ঝাড়াখালী, বেহালা, হাঁড়িপাড়াসহ কমপক্ষে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের ৩৫ হাজার বাসিন্দা চরম দুর্ভোগ পোহাচ্ছে। এসব এলাকার গভীর নলকূপগুলো পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। হাঁড়িপাড়া গ্রামের আ. সালাম বলেন, ‘আমার বাড়ির টিউবওয়েলটি পানিতে তলিয়ে গেছে। গ্রামে আর কোনো নলকূপ ভালো নেই। তাই খাওয়ার পানির অভাবে আমাদের গ্রামের লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।’ গাবতলী গ্রামের কৃষক আ. মন্নান বয়াতি বলেন, ‘রবিশস্য যা ক্ষ্যাতে (খেতে) আছেলে সব পানিতে ভাসাইয়্যা নেছে। এবার ৪০ শতক জমিতে মুগ ডাইল ও চিনাবাদাম দিছিলাম, সব শ্যাষ অইয়্যা গ্যাছে।’ একই এলাকার বাসিন্দা ধলু শংকর বলেন, বগীর খালে বান্দা (বাঁধ) না দেলে আমাগো বাঁচনের কোনো উপায় নাই।’ বরগুনা সদর উপজেলার বালিয়াতলী নলটোনা, বদরখালী ও বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, এসব এলাকার ফসলি মাঠগুলো হাঁটু সমান পানির নিচে তলিয়ে আছে। অনেক এলাকার বাড়িঘরও পানিতে ডুবে গেছে।পাথরঘাটা উপজেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, গতকালও বঙ্গোপসাগর খুব উত্তাল ছিল। বরগুনা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন বলেন, ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে সাগর উত্তাল থাকায় তিন নম্বর সতর্কসংকেত বলবৎ রাখা হয়েছে। এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে । তিনি বলেন, প্রবল বর্ষণের ফলে এলাকার রবিশস্য বোরোর বীজতলার ব্যাপক ক্ষতি হওয়ার বিষয়ে তাঁরাও বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছেন।