বরগুনায় ৩৫টি ভাটার কাছে মূসক বকেয়া
বরগুনার ৩৫টি ইটভাটার কাছে সরকারের মূল্য সংযোজন কর (মূসক) বকেয়া পড়েছে প্রায় ৮১ লাখ টাকা। তাগাদা দেওয়া সত্ত্বেও ভাটার মালিকেরা মূসক পরিশোধ করছেন না বলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বরগুনা সার্কেলের সহকারী কমিশনার তারেক মাহমুদ বলেন, বকেয়া করের জন্য সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ভাটার মালিকদের মৌসুমের প্রথমবার ইট উৎপাদনের পর এককালীন মূসক দিতে হয়। কিন্তু এসব ভাটার মালিকেরা ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে কর দেননি। এতে জেলার ৩৫টি ভাটার মালিকের কাছে ৮১ লাখ ৪২ হাজার ৭৫০ টাকার কর বকেয়া পড়েছে।
কর বকেয়া থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমতলী উপজেলার মুন্না ট্রেডার্সের কাছে নয় লাখ ৬৭ হাজার টাকা, ঋতম এন্টারপ্রাইজের কাছে পাঁচ লাখ ৬৭ হাজার টাকা, আরএফএম ব্রিকসের কাছে চার লাখ ৫০ হাজার ৭৫০ টাকা, পাথরঘাটার বরগুনা ব্রিকসের কাছে চার লাখ ৫৭ হাজার ৫০০ টাকা, বরগুনা সদরের এইচবিআর ব্রিকসের কাছে চার লাখ ২৭ হাজার ৫০০ টাকা বকেয়া রয়েছে।
অবশ্য এইচবিআর ব্রিকসের মালিক জিয়াউল আহসান বলেন, ‘আমি বকেয়ার টাকা জমা দিয়েছি। কিন্তু ভ্যাট কার্যালয় টাকা জমার চালান দেখাতে পারছে না।’