বরগুনা-পটুয়াখালীর ৫৮ গ্রামের মানুষ পানিবন্দী
টানা বৃষ্টি ও জোয়ারে বরগুনা ও পটুয়াখালীর ৫৮ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি ওঠায় এসব পরিবারের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা ও পাথরঘাটা: প্রবল বর্ষণ ও জোয়ারে বরগুনার বিভিন্ন উপজেলার অন্তত ৪১টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে খাবার ও খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার অনেকে পরিবার-পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে।
কয়েক দিনের বর্ষণ ও জোয়ারের চাপে ভাঙন শুরু হলে গত রোববার রাতে জিনতলা এলাকার আ. বারেক, তাসলিমা আক্তার, সেলিমন বেগমসহ পাঁচটি পরিবার ঘরদোর সরিয়ে নেয়। গতকাল সোমবার সকালের দিকে ওই পাঁচটি পরিবারের ভিটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। গতকাল দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, গৃহহীন এসব পরিবার পাশের একটু উঁচু জমিতে খড়কুটো ও পলিথিন দিয়ে খুপরিঘর তুলে সেখানে ঠাঁই নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা কার্যালয়ের পানি পরিমাপক বিভাগ সূত্র জানায়, গতকাল বরগুনার নদনদীতে পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। কলাপাড়া আবহাওয়া কার্যালয় জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পটুয়াখালী ও কলাপাড়া: কলাপাড়া উপজেলার মহিপুর, লালুয়া, ধানখালী ও লতাচাপলী ইউনিয়নের ১৭ গ্রামের মানুষ রোববার থেকে পানিবন্দী। দুই দিন ধরে উপকূলজুড়ে বইছে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে টানা বৃষ্টিপাতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, মহিপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় ৪৭/১ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৬০ ফুট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ধানখালী ইউনিয়নের দেবপুর গ্রামের লোকজন দুই মাস ধরে পানিবন্দী। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় তাঁদের এই দুর্ভোগ। জোয়ারের সময় বাড়ির উঠান পর্যন্ত ডুবে যায়। বহু কাঁচা বাড়িঘর নড়বড়ে হয়ে গেছে।
কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, দেবপুরে বন্যানিয়ন্ত্রণ বাঁধের জন্য পর্যাপ্ত জমি না পাওয়ায় বিকল্প ব্যবস্থা করা যাচ্ছে না। আর নিজামপুরের সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।
জোয়ারের পানিতে পটুয়াখালী পৌর শহরের এক-তৃতীয়াংশ এলাকা দিনে দুই দফা প্লাবিত হচ্ছে।