বরফ-সংকটে ইলিশ নিয়ে বিপাকে জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচুর ইলিশ ধরা পড়লেও বরিশালে জেলে ও ব্যবসায়ীদের মুখে হাসি নেই। বরফ-সংকটের কারণে তাঁরা যথাসময়ে ইলিশ সংরক্ষণ করতে পারছেন না। এতে নিরুপায় হয়ে ব্যবসায়ীরা লবণ দিয়ে ইলিশ সংরক্ষণ করছেন। কিন্তু বাজারে ইলিশের দাম কম হওয়ায় জেলে ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।বরিশাল ইলিশ মোকামের ব্যবসায়ীরা জানান, বর্তমানে নদী ও সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এসব ইলিশ সংরক্ষণের জন্য চাহিদা অনুযায়ী বরফ পাওয়া যাচ্ছে। বরিশালের মোকামে ২০ হাজার ক্যান (চাই) বরফের চাহিদা থাকলেও মাত্র পাঁচ হাজার ক্যান সরবরাহ করা হচ্ছে।ইয়ার হোসেন মৎস্য আড়তের মালিক আ. ছালাম বলেন, ‘বরফের অভাবে লাখ লাখ টাকার ইলিশ পচে যাওয়ার অবস্থা হচ্ছে। বাধ্য হয়ে জেলে ও ব্যবসায়ীরা এই মোকামে মাছ না এনে চাঁদপুরে নিয়ে যাচ্ছেন। ফলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এসব কারণে ভালো মাছও লবণ দিয়ে সংরক্ষণ করতে হচ্ছে।’টিপু ফিশের ব্যবস্থাপক রাম কুমার দাস অভিযোগ করে বলেন, ‘মাত্র ১০টি বরফ কলে উৎপাদিত বরফ দিয়ে চাহিদা মেটানো যাচ্ছে না। আমরা বাধ্য হয়ে খুলনা ও রাজশাহী থেকে বেশি দামে বরফ আনতে বাধ্য হচ্ছি। ১৫০ টাকার বরফ বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে তিন শ টাকায়।’পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরমন্তাজ এলাকা থেকে মাছ নিয়ে ঘাটে বসে থাকা ট্রলারমালিক মিজানুর রহমান জানান, ‘গত সোমবার এসে বসে আছি। বরফের অভাবে মাছ নামাতে পারছি না।’পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে আসা জেলে কিরণ তালুকদার, সেকান মাতুব্বর ও জসিম জানান, বরফ কম থাকায় মাছের দাম অর্ধেকে নেমে এসেছে।লবণ দিয়ে ইলিশ সংরক্ষণকারী ব্যবসায়ী মো. হেলালউদ্দিন বলেন, আগে যে মাছ নয় হাজার টাকায় কেনা লাগত, এখন সেই মাছ পাঁচ হাজার টাকায় কেনা সম্ভব হচ্ছে। বরফ-সংকটের কারণেই কম দামে ইলিশ পাওয়া যাচ্ছে।বরিশাল বরফ কল মালিক সমিতির ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, বরিশালে ৪৫টি বরফ কল থাকলেও এখন মাত্র ১১টি সচল আছে। কয়েক দিন ধরে একটু মাছ বেশি পড়ায় সমস্যা হচ্ছে।