বরফকল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ
বগুড়ার মহাস্থানগড় মাজার এলাকায় সাংসদের ভাইয়ের বরফকলের পানিতে বছরজুড়ে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসন এবং বরফকলটি বন্ধের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাস্থানগড় বন্দর এলাকায় এই অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এসে অবরোধকারীদের ধাওয়া করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বিক্ষুব্ধ লোকজন শিবগঞ্জ-বগুড়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। শেষ পর্যন্ত শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা ঘটনাস্থলে এসে বরফকল বন্ধের নির্দেশ দেন এবং তিন দিনের মধ্যে নির্দেশ কার্যকর না হলে বরফকল-মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়ার মহাস্থানগড় মাজার সড়ক ও উপজেলা গেটসংলগ্ন তিনমাথা এলাকায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাংসদ শরিফুল ইসলামের ভাই সাইফুল ইসলামের একটি বরফকলের কারণে বছরজুড়েই মাজার সড়ক ও শিবগঞ্জ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে শুষ্ক মৌসুমেও মহাস্থানগড় মাজারের প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন চলাচলে সমস্যাসহ সড়কের দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা লাটে ওঠে। দীর্ঘদিন ধরে বরফকলটি অপসারণের জন্য মহাস্থানগড় মাজার ও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাবি জানানো হলেও বরফকলের মালিক সাইফুল ইসলাম তাতে পাত্তা দিচ্ছেন না।
সড়কের এ জলাবদ্ধতায় মহাস্থানগড়ে বেড়াতে আসা পর্যটক ও মাজারের মুসল্লি এবং মাজার এলাকার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে। তাই স্থানীয় ব্যবসায়ী ও বিক্ষুব্ধ লোকজন গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, মহাস্থানগড় মাজার সড়ক হয়ে শিবগঞ্জ উপজেলা সদরে প্রতিদিন শত শত যান চলাচল করে। এ ছাড়া প্রতিদিনই দূরদূরান্ত থেকে পর্যটকেরা আসেন এখানে। অথচ বছরজুড়ে মাজারের প্রধান সড়কে জলাবদ্ধতা লেগে থাকে। রাস্তার দুই পাশে নালা থাকলেও তা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। একটি বরফকলের কারণে মানুষের এত দুর্ভোগ সইতে হলেও জলাবদ্ধতা নিরসনে কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি ফুয়াদ হোসেন বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের মহাসড়কে থেকে সরিয়ে দিয়েছে।