বরফকল মাঠ রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের খানপুরের বরফকল মাঠ রক্ষার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী l প্রথম আলো
নারায়ণগঞ্জ নগরের খানপুরের বরফকল মাঠ রক্ষার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী l প্রথম আলো

নারায়ণগঞ্জ নগরের খানপুরে ঐতিহাসিক বরফকল মাঠে বহুতল ভবন নির্মাণ-পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকালে বরফকল মাঠের সামনে মানববন্ধন করা হয়।
পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করেন। সমাবেশ চলাকালে বক্তব্য দেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নজরুল ইসলাম, সোহেল রানা, সাবেক ফুটবলার আলাউদ্দিন, পোলস্টার ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
কামরুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীরে খানপুরে অবস্থিত ঐতিহাসিক বরফকল মাঠটি বিআইডব্লিউটিএর আওতাধীন হলেও স্বাধীনতার আগে থেকেই সেখানে স্থানীয় লোকজন খেলাধুলা করে আসছে। এই মাঠে খেলেই জাতীয় দলের ফুটবলার হন সম্রাট হোসেন এমিলি। এ ছাড়া জাকির, স্বপন, তপু, হানিফ, জামাল, সেলিমসহ অনেকেই জাতীয় ফুটবল দলে খেলেছেন। জাতীয় ফুটবল দলের অধিনায়ক নজরুল ইসলাম ও স্ট্রাইকার সোহেল রানাও এই মাঠে খেলেছেন। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শহীদ, রনি তালুকদারসহ অনেক ক্রিকেটার এই মাঠে খেলেছেন।
কামরুজ্জামান বলেন, ‘মাঠটিতে কয়েক দিন ধরে খেলোয়াড়দের ঢুকতে দেওয়া হচ্ছে না। মাঠটি দখল হয়ে গেলে শিশু-কিশোরেরা খেলার মাঠ পাবে কোথায়। আমরা জানি, মাদক থেকে দূরে থাকতে হলে দরকার খেলাধুলা। আর খেলার মাঠ না পেলে শিশু-কিশোর-যুবকেরা মাদকের দিকেই ঝুঁকবে। আমাদের জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতনরা মাদক নির্মূলের জন্য বড় বড় কথা বলেন। কিন্তু বরফকল মাঠ না থাকলে এর প্রভাব গোটা নারায়ণগঞ্জের ওপরই পড়বে। কারণ, মাঠটি হচ্ছে আমাদের অক্সিজেন। আর অক্সিজেন না থাকলে মানুষ বাঁচতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঘোষণা দিয়েছেন প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করার। আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাংসদ সেলিম ওসমান, শামীম ওসমান ও জেলা প্রশাসক রাব্বি মিয়ার সুদৃষ্টি কামনা করছি।’
কামরুজ্জামান আরও বলেন, ‘বরফকল মাঠের ঠিক বিপরীত দিকে বিআইডব্লিউটিএর মালিকানাধীন কোয়ার্টারের জন্য স্থান নির্ধারণ করা ছিল। ওই স্থানে তারা এর আগে ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিল। কিন্তু রহস্যজনক কারণে তারা পূর্বনির্ধারিত স্থানে কোয়ার্টার না করে মাঠের জায়গায় কোয়ার্টার নির্মাণের পরিকল্পনা করছে। খেলার মাঠ রক্ষার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিতেও পিছপা হব না।’
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন বলেন, এই মাঠ বিআইডব্লিউটিএর ক্রয়কৃত সম্পত্তি। কোনো প্রকল্পের প্ল্যানিং না হওয়ায় মাঠটি এত দিন অব্যবহৃত পড়েছিল। সে জন্য স্থানীয় লোকজন কিছুদিন খেলাধুলা করার সুযোগ পেয়েছিল। এই মাঠটিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল নামক প্রকল্প হবে। বরফকল জেটি ও বরফকল মাঠের জায়গার সমন্বয়ে প্রকল্পটি গড়ে উঠবে। বরফকল মাঠের বিপরীতে কোয়ার্টার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই স্থানে আমাদের একটি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর হলেও বরাদ্দ না থাকায় প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।’