বরফকলটি বন্ধ ৩০ বছর, ভবন ও জায়গা দখল
কোরবানির ঈদের কারণে বাজারে এখন মাছের চাহিদা কম। এ কারণে আড়তের মাছ নিয়ে বিপাকে আছেন বরগুনার আমতলী উপজেলার মৎস্য ব্যবসায়ীরা। বরফের অভাবে তাঁরা মাছ দূরে কোথাও পাঠাতে পারছেন না। অথচ বেসরকারি সংস্থার আর্থিক সহযোগিতায় মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীদের সুবিধার্থে আমতলীতে যে বরফকলটি স্থাপন করা হয়েছিল, তা ৩০ বছর ধরে বন্ধ রয়েছে। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকা বরফকলের ভবনটি প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর আমতলী উপজেলায় একটি বরফকল স্থাপন করা হয়। উপজেলার সেই একমাত্র বরফকল প্রায় ৩০ বছর ধরে বন্ধ। অযত্ন-অবহেলায় বরফকলের ভবনটির জীর্নদশা। চুরি হয়ে গিয়েছে বেশির ভাগ যন্ত্রাংশ। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ভবনটিসহ বরফকলের জায়গা দখল করে নিয়েছেন।উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশুবাজারের কাছে প্রায় দুই একর জমির ওপর বরফকলটি স্থাপন করা হয়। ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) নামের একটি প্রতিষ্ঠান উপকূলীয় এলাকার মৎস্য প্রক্রিয়াজাতকরণের সুবিধার্থে এটি স্থাপন করে। সংস্থাটির আর্থিক ও কারিগরি সহায়তায় বরফকলের জন্য ৬০০ বর্গফুটের একটি পাকা ভবন নির্মাণ করা হয়। বরফকলের জন্য ৬২ অশ্বশক্তির মোটর বসানো হয়। প্রতিদিন ১০ টন বরফ উৎপাদনক্ষম বরফকলটি স্থাপনের মাত্র সাত বছর পর ১৯৮১ সালে বন্ধ হয়ে যায়। এরপর আমতলীতে আর কোনো বরফকল স্থাপিত না হওয়ায় দীর্ঘদিন ধরে মৎসজীবী ও ব্যবসায়ীরা অন্য জায়গা থেকে বরফ সংগ্রহ করে মৎস্য প্রক্রিয়াজাত ও বাজারজাত করছেন।তালতলী ট্রলার মালিক সমিতির সভাপতি ও বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, বরগুনা, পাথরঘাটা ও মহিপুর থেকে জেলে ও মৎস্য ব্যসায়ীরা বরফ কিনে আনতে বাধ্য হন। এতে সময় ও অর্থ দুটিই বেশি লাগছে। অনেক সময় বরফ না পেলে প্রচুর মাছ নষ্ট হয়ে যায়।মৎস্য ব্যবসায়ীরা বলেন, ‘প্রায় সারা বছরই আমতলীর মাছের আড়তগুলোয় বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ওঠে। বর্তমানে কোরবানির ঈদের কারণে মাছের বাজারে মন্দা যাচ্ছে। বরফ না পাওয়ায় আমরা এখান থেকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় মাছ পাঠাতে পারছি না।’সরেজমিনে বরফকল এলাকা ঘুরে দেখা গেছে, বরফকলের ভবনটি স্থানীয় লোকজন গরু-ছাগল ও খড়কুটো রাখার জায়গা হিসেবে ব্যবহার করছে। তারা আশপাশের জায়গা ঘর তুলে ও চাষাবাদ করে দখল করে রেখেছে।স্থানীয় বাসিন্দা এবং ওই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর কালু মিয়া বলেন, তদারকি না থাকায় বরফকলের অধিকাংশ যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। অনেক সময়ে মাদকসেবীরা ভবনে আড্ডা বসায়।উপজেলা সমবায় কর্মকর্তা জগলুল হায়দার বলেন, বরফকলের জায়গা ও ভবন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে ভোগদখল করছেন। বরফকলের অধিকাংশ যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। অবৈধ দখলমুক্ত এবং বরফকলটি চালু করার জন্য বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মশিউর রহমান বলেন, আমতলীর উপকূলীয় এলাকায় ছোট-বড় কয়েকটি মৎস্যবন্দর রয়েছে। তাই এ এলাকায় বরফকল স্থাপন জরুরি। তিনি আরও বলেন, ‘আমতলীর ওই বরফকলের ভবন, পুকুর ও জায়গা অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত করার জন্য দ্রুত ববস্থা নেব।’