বরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বৃদ্ধার মৃত্যু
বাগেরহাটে বরফকলে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলে সৃষ্ট বিষক্রিয়ায় মাজেদা বেগম নামের বরফকল-সংলগ্ন বস্তির এক বৃদ্ধা মারা গেছেন। বিষক্রিয়ায় নারী ও শিশুসহ তিনজন অসুস্থ হয়ে পড়েছে। বিস্ফোরণে মিলের উত্তর দিকের মূল দেয়াল ভেঙে গেছে। গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে শহরের কেবি মাছবাজার এলাকায় অবস্থিত প্রিন্স আইস ইন্ডাস্ট্রিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান।নিহত মাজেদা বেগম (৬৫) কচুয়া উপজেলার ভাসা গ্রামের মৃত হাছেন মোল্লার স্ত্রী। তিনি চিকিৎসার প্রয়োজনে শহরে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। বিষক্রিয়ায় অসুস্থ কাঠমিস্ত্রি নিরাপদকে (৫৮) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অন্য দুজন হলেন জালাল খাঁর স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও খালেক শেখের মেয়ে সনিয়া (১০)। এঁরা সবাই বিধ্বস্ত দেয়ালের অপর পাশের বস্তির বাসিন্দা।বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা কমলেশ সাহা জানান, অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় গুরুতর আহত চারজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে মাজেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান।প্রিন্স আইস ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মো. নিয়াজ ইকবাল বলেন, ‘গতকাল সকাল সোয়া ১০টার দিকে আকস্মিকভাবে বিকট শব্দে অ্যামোনিয়া গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বরফকলের উত্তর পাশের দেয়ালের একটি অংশ বিধ্বস্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস দেয়ালের অপর পাশের কয়েকটি বস্তিঘরে ছড়িয়ে পড়ে।’