বরফকলে বিস্ফোরণ শ্রমিকের মৃত্যু আহত তিন
বাগেরহাটে বরফকলে গ্যাস বিস্ফোরণে গাজী জুলফিকার আলী (৩২) নামের এক মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। গত শুক্রবার ভোরে শহরের কেবি মাছবাজার এলাকায় মধুমিতা আইস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।জুলফিকার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের গাজী শহর আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন বিকাশ (২২), বাবু (২৯) ও লাবু (৩০)। তাঁরা সবাই বরফকলের শ্রমিক।কারখানার মালিক রবিন দাম বলেন, ‘বৃহস্পতিবার বরফকলের অ্যামোনিয়া গ্যাস সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেয়। শুক্রবার ভোরে কারখানার মিস্ত্রি জুলফিকার শ্রমিকদের নিয়ে লাইন সংস্কারের কাজ শুরু করেন। এ সময় বিকট শব্দে গ্যাস লাইনের রিসিভার বিস্ফোরিত হয়। এতে জুলফিকারসহ অপর তিনজন শ্রমিক গুরুতর আহত হন। আহত শ্রমিকদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে জুলফিকারের মৃত্যু হয়।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্যাস লাইনের বিস্ফোরণে জুলফিকার নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।