বরযাত্রার সামনে মেয়েকে নিয়ে হাজির স্ত্রী
দ্বিতীয় বিয়ে করার জন্য সেজেগুজে কনের ব াড়ির উদ্দেশে রওনা হলেন বর প্রফুল্ল দাশ। কিন্তু কিছুদূর যাওয়ার পর তিন বছরের মেয়েকে নিয়ে তাঁর পথ আটকে দাঁড়ালেন স্ত্রী সঞ্চিতা দাশ। বেধে যায় হুলস্থুল কাণ্ড। একপর্যায়ে পুলিশ এসে প্রফুল্লকে আটক করে নিয়ে যায় থানায়। পরে দ্বিতীয় বিয়ে করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান প্রফুল্ল। গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা সড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের কৃপেশ দাশের ছেলে প্রফুল্ল দাশ (২৭) ভালোবেসে পাঁচ বছর আগে বিয়ে করেন একই এলাকার সুবোধ দাশের মেয়ে সঞ্চিতা দাশকে। তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি প্রফুল্ল দাশ জগন্নাথপুর উপজেলার দাসনোওয়াগাঁও গ্রামের একটি মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের দিন ঠিক হয় বৃহস্পতিবার।যথাসময়ে কনের বাড়িতে যাওয়ার জন্য বের হন প্রফুল্ল দাশ। পথে জগন্নাথপুর থানা ভবনের সামনে তাঁর স্ত্রী সঞ্চিতা দাশ সুনামগঞ্জ থেকে মহিলা পরিষদের নেতাদের নিয়ে বরযাত্রীবাহী গাড়ির সামনে হাজির হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রফুল্ল দাশের মুচলেকা পেয়ে এবং উভয় পক্ষের সম্মতিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।