বরযাত্রী নয়, এল একদল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলুদ মাখানো হয়েছে কনেকে। বরযাত্রীদের জন্য চলছিল রান্নার আয়োজন। কিন্তু যথাসময়ে আর বরযাত্রীরা আসতে পারেনি। কারণ তার আগেই পুলিশ এসে এ বিয়ে বন্ধ করে দেয়। কনের বয়স কম হওয়ায় এ বিয়ে বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী টালি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দপুর থানা সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের বাঁশবাড়ি মহল্লার টালি মসজিদ এলাকার আফজাল হোসেনের মেয়ে আসমা খাতুনের (১৩) সঙ্গে রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রামের কৃষক মঞ্জুর হোসেনের ছেলে আলমের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার দুপুরে এ বিয়ে হওয়ার কথা। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিকুন নাহার বিষয়টি সৈয়দপুর থানার পুলিশকে জানায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন জানান, মহিলাবিষয়ক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করে। ফলে ওই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের বাবা আফজাল বিয়ের আসর থেকে পালিয়ে যান। তার মা মমতাজ বলেন, ‘আমরা ভুল করেছি। বাল্যবিবাহ দেওয়া যে অপরাধ, তা আমরা জানতাম না।’ মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিকুন নাহার বলেন, ‘সচেতনতার অভাবেই বর ও কনের অভিভাবকেরা এ বিয়ের আয়োজন করেছিল। আমরা কনের বাড়িতে না আসার জন্য বরের বাড়িতে খবর পাঠিয়েছি। এ জন্য বর ও বরের পরিবারের সদস্যরা অনুতপ্ত।’