বরযাত্রী মদ্যপ, তাই...
মদ্যপ অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণের জন্য বিয়ে না দিয়ে বরযাত্রীকে ফিরিয়ে দিয়েছে কনেপক্ষ। নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে পুলিশ ক্লাবে গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিউ মুন্সিপাড়া মহল্লার এক মেয়ের সঙ্গে ময়মনসিংহের নয়াবাজার মহল্লার এক ছেলের বিয়ে ঠিক হয়। সোমবার রাতে ওই ক্লাব কমিউনিটি সেন্টারে বিয়ের দিন ধার্য ছিল।বিয়ের আসরে উপস্থিত অতিথিরা জানান, রাত ১১টার দিকে বিশাল গাড়িবহরে চেপে বরযাত্রীরা উপস্থিত হলে কনেপক্ষের তরুণ-তরুণীরা গেট আটকে সালামি দাবি করেন। এ সময় মদ্যপ অবস্থায় কয়েকজন বরযাত্রী উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। তারা গেটে কোনো টাকা দেবে না বলে সাফ জানিয়ে দেয় এবং গেটে অপেক্ষমাণ তরুণীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে।কনের বড় ভাই বরকা (৪৫) বলেন, মাতাল বরযাত্রীদের বখাটেপনায় বিয়েবাড়ির পরিবেশ ভারি হয়ে ওঠে। আমন্ত্রিত অতিথিরা বিরক্ত হতে থাকেন। একপর্যায়ে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তারা অতিথিদের মারধর ও চেয়ার ভাঙচুর করে। এ সময় রেলওয়ে পুলিশ (জিআরপি) এসে পরিস্থিতি সামাল দেয়। পরে বিয়ে ভেঙে দেওয়া হয়।কনের ভাই বলেন, ‘কোনোভাবেই আমরা মাতাল-মাদকসেবী পরিবারে আদরের ছোট বোনকে তুলে দিতে পারি না। তাই বিয়ে ভেঙে দিতে বাধ্য হই।’ পরে রাত দেড়টার দিকে দেড় শ বরযাত্রী পুলিশ প্রহরায় ফিরে যায়। তবে ওই বিয়ের আসরেই কনের বিয়ে হয়েছে। বর তাদেরই মহল্লার একজন।