বরযাত্রীবাহী গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরযাত্রীবাহী গাড়ি রাস্তায় থামিয়ে হামলা চালিয়ে গৃহবধূকে অপহরণের চেষ্টা চালায় একদল বখাটে। হামলাকারীরা বরের সঙ্গে আসা মেয়েদেরও লাঞ্ছিত করে। এ সময় এলাকার লোকজন প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়। গত শুক্রবার রাত ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংদই কোনাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় বরপক্ষের চারজন আহত হয়।প্রত্যক্ষদর্শী ও নান্দাইল থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সিংদই কোনাকাটা গ্রামের এক কনের (১৮) বিয়ে হয় ঢাকার আশুলিয়ার নতুনপাড়ায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গৃহবধূসহ অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় একই গ্রামে বখাটে ছেলে সুমন (২২) তাঁর কয়েকজন সহযোগী নিয়ে বরযাত্রীবাহী গাড়ি থামিয়ে গৃহবধূকে নিজের প্রেমিকা দাবি করে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। এ সময় অন্যরা গাড়িতে থাকা মেয়েদের লাঞ্ছিত করতে থাকে। বরযাত্রীরা ওই যুবকদের বাধা দিলে তাদের বেদম মারধর করা হয়। গ্রামবাসী এগিয়ে এলে বখাটেরা চলে যায়।