বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আজ শনিবার বরযাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। চালকসহ আহত হয়েছেন ২৫ জন। সকাল আটটার দিকে উপজেলার পাঠানিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন তিপন ধর (১৮)। তিনি কক্সবাজারের রামু উপজেলার বণিকপাড়া এলাকার বিমল ধরের ছেলে। বর সবুজ ধরের সোনার দোকানের কর্মচারী ছিলেন তিনি।
আহত ব্যক্তিদের মধ্যে সুব্রত ধর (১৮) ও তপন ধরের (১৬) অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য বরযাত্রীদের স্থানীয় সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র নওয়াব মিয়া বলেন, পৌরসভার রামপুর এলাকার সবুজ ধরের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বোয়ালখালী উপজেলার গুমদণ্ডী থেকে বরযাত্রী নিয়ে ‘সুগন্ধা’ নামের বাসটি সাতকানিয়ায় ফিরছিল। পথে পাঠানিপুল এলাকায় এসে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলে তিপন নিহত হন। এ ঘটনায় চালক ও শিশুসহ ২৫ জন বরযাত্রী আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, বাসটি আটক করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে।