বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ৪
নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড়ে গতকাল শুক্রবার রাতে বরযাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নওগাঁ থেকে বরযাত্রীবাহী বাসটি রাজশাহী অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সাঈদ টিটো ও মহাদেবপুর থানার উপপরিদর্শক ইকবাল পাশা জানান, রাত সাড়ে ১০টা নাগাদ চারটি লাশ বাসের নিচে আটকে থাকতে দেখা গেছে। তবে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।
রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে সহায়তা করছে। নওগাঁ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মহাদেবপুরের ইউএনও ঘটনাস্থলে পৌঁছেছেন।