বরযাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে বরযাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম জানান, শুক্রবার রাতে চাঁদপুর মতলব উপজেলার ধনগাধা গ্রাম থেকে ৫২ জন বরযাত্রী নিয়ে গজারিয়া পরিবহনের একটি বাস নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় যাচ্ছিল। পথে রাত ৯টার দিকে বাসটি সোনারগাঁয়ের নয়াপুর বাজারের কাছে পৌঁছালে মদনপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি সড়কের ওপর উল্টে যায় ও পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদপুরের মতলব উপজেলার ধনগাধা গ্রামের বাসিন্দা বর সৌরভ চন্দ্র দাসের মামাতো ভাই সত্য চন্দ্র দাস (৪০) ও পিকআপ ভ্যানের চালকের সহকারী নিহত হন। পিকআপ ভ্যানের চালক রবিউল ইসলামসহ ৪০ জন বরযাত্রী আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের কারণে ওই সড়কের ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন বর সৌরভ চন্দ্র দাস জানান, আহত অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না।