বরযাত্রীবাহী মাইক্রোর সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত কমপক্ষে ১৭ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে শিবপুরে সোনাইমুড়ি টিলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলো স্নিগ্ধা দে (৫), প্রান্তিকা বর্মণ (৬), বৃষ্টি বর্মণ (৭) ও সজল বর্মণ (২০)।

হাইওয়ে পুলিশ বলছে, মিতালী পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি টিলা এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা তিন শিশু মারা যায়। বর-কনেসহ বাস ও মাইক্রোবাসের আরও ১৫ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সজল বর্মণ নামের আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরপক্ষের একজন জানান, চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল গ্রাম থেকে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি নরসিংদীর রায়পুরার নবোয়ারচর গ্রামে এসেছিল। বিয়ে শেষে আজ সকালে কনেসহ গাড়িটি ফিরে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা ঘটে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. হাফিজুর রহমান জানান, মিতালী পরিবহনের যাত্রীবাহী বাসটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি বরযাত্রীবাহী মাইক্রোবাসটিকে মুখোমুখি ধাক্কা দেয়। নিহত ব্যক্তিদের মরদেহ নরসিংদী জেলা হাসপাতালে রাখা আছে।