বগুড়ার ধুনটে বাল্যবিবাহ নিবন্ধন করার মামলায় পুলিশ গত মঙ্গলবার আসামি বরসহ দুজন কাজির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।আসামিরা হলেন উপজেলার বেলকুচি গ্রামের জয়নাল শেখের ছেলে কামরুল হাসান (২০), কাজি গোলাম ফারুক (৩৬) ও মতিউর রহমান (৪০)।মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বেলকুচি গ্রামের ইউনুস আলীর মেয়ে ইসমতারা পপি (১৩) ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত ২৪ মার্চ প্রাইভেট পড়ে ধুনট বাজারের সোনামুখী রোড দিয়ে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ১০টায় ভরণশাহী গ্রাম থেকে কামরুল হাসান তাকে অপহরণ করেন। পরে ধুনট সদর ইউনিয়নের কাজি গোলাম ফারুকের উল্লাপাড়া গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে গোপালনগর ইউনিয়নের কাজি বলারবাড়ী গ্রামের মতিউর রহমানের যোগসাজশে পপির সঙ্গে এক লাখ টাকা মোহরানায় কামরুল হাসানের বিয়ে নিবন্ধন করা হয়।এ ঘটনায় পপির বাবা ইউনুস আলী বাদী হয়ে বর ও দুই কাজির বিরুদ্ধে গত ১৩ এপ্রিল ধুনট থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ গোলাম ফারুককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, ‘পাঁচ মাস ধরে তদন্ত শেষে গত মঙ্গলবার দুই কাজিসহ বরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছি।’