বরসহ ৩ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বাল্যবিবাহের ঘটনায় বর, কনের বাবাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীর গোপনে বিয়ে হয়। ইউএনও বিষয়টি জানতে পেরে গতকাল সকালে কনের বাবা মমিনুল হক, বর শাহাদাত হোসেন ও বিয়ে সম্পাদনকারী মাদ্রাসাশিক্ষক মোহাম্মদ উল্যাহকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। তাঁরা ইউএনওর কার্যালয়ে হাজির হয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে ইউএনও পি কে এম এনামুল করিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা মমিনুল হক ও মাদ্রাসাশিক্ষক মোহাম্মদ উল্যাহকে ২০ দিন করে এবং বর শাহাদাত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। পরে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
ইউএনও এনামুল করিম বলেন, বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থী বাবার বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার উপস্থিতি নিশ্চিত করবেন।