বরাদ্দ অপ্রতুল, পটুয়াখালীতে সড়ক পুনর্নির্মাণে ধীরগতি
বরাদ্দের অভাবে পটুয়াখালীতে ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক পুনর্নির্মাণের কাজ চলছে ধীরগতিতে। এ কারণে নির্ধারিত সময় ২০১৩ সালের জুনের মধ্যে কাজ শেষ হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সড়কে অসংখ্য গর্তের কারণে শুধু যানবাহনই নয়, মানুষের চলাচলও এখন দুরূহ হয়ে পড়েছে। সড়ক ও জনপথ (সওজ) পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, ২০০২-০৩ ও ২০০৩-০৪ অর্থবছরে ৮৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মিত হয়। সড়কটি দুমকি উপজেলার লেবুখালী থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে বাউফল, দশমিনা ও গলাচিপা এই চারটি উপজেলার ওপর দিয়ে আমড়াগাছিয়ায় গিয়ে মিলেছে। সূত্র জানায়, এই সড়ক পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ২৩ লাখ টাকা। কার্যাদেশ পায় মাহাফুজ খান, হাজী এন্টারপ্রাইজ, ইউনুছ অ্যান্ড ব্রাদার্স এবং একেএ অ্যান্ড এমএ নামে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালের জুনের মধ্যে সড়ক পুনর্নির্মাণের কাজ শেষ করার কথা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো গত ৭ মে দুমকির চরগরবদি থেকে লেবুখালী অংশে সাত কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু করে। তবে কাজ চলছে ধীরগতিতে। গত ২ জুন সরেজমিনে দেখা গেছে সড়কে কাদা ও বড় বড় গর্ত। একটি পণ্যবাহী ট্রাক গর্তে আটকা। এলাকার লোকজন জানায়, মাঝেমধ্যে বাস ও ট্রাক সড়কে আটকা পড়ছে। তখন সড়কে যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ঠিকাদারদের লোকজন বালু ও ইট ফেলে সড়কটি যানচলাচলের উপযোগী রাখার চেষ্টা করছে। এলাকার লোকজনের অভিযোগ, ধীরগতিতে কাজ করায় মানুষের দুর্ভোগ বাড়ছে। সূত্র আরও জানায়, প্রকল্পের মেয়াদ তিন বছরের মধ্যে এক বছর শেষ হয়ে গেছে। এ পর্যন্ত অর্থ বরাদ্দ পাওয়া গেছে চার কোটি ৮৫ লাখ টাকা। ওই সাত কিলোমিটারের ১৫ ভাগ কাজ শেষ হয়েছে। বরাদ্দ অপ্রতুল থাকায় ঠিকাদারও কাজ করছেন ধীরগতিতে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া না গেলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা অসম্ভব হয়ে পড়বে। এদিকে বাউফলের বগা বন্দর থেকে বাউফল উপজেলা সদর সংযোগ সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের ইটসুড়কি উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বিলবিলাস গ্রামের জয়নাল আবেদীন বলেন, এই সংযোগ সড়ক জোড়াতালি দিয়ে কোনোরকমে সচল রাখা হচ্ছে। তাঁদের এলাকায় সড়কের কাজ এখনো শুরু হয়নি। সওজের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী শওকত আলী বলেন, জেলার সঙ্গে চারটি উপজেলার এই সংযোগ সড়কের কাজ চলমান। তবে অর্থ বরাদ্দ অপ্রতুল। ২০১১-১২ অর্থবছরে অন্তত ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সওজ বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে।