ভিক্ষুক জরিপ ও তাদের পুনর্বাসনের জন্য গত বছর সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় সাড়ে ১২ কোটি টাকা। কিন্তু এই জরিপ ও পুনর্বাসনে প্রায় এক বছরেও ওই অর্থ ব্যবহার করা হয়নি, এমনকি জরিপ পরিচালনার জন্য ১০টি বেসরকারি সংস্থাও (এনজিও) নির্বাচিত হয়নি।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সূত্র জানায়, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ভিক্ষাবৃত্তির অবসান ঘটিয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজধানীসহ সারা দেশে প্রায় সাত লাখ মানুষ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্প’ নামে একটি প্রকল্প নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় এ প্রকল্পের জন্য গত বছর প্রায় সাড়ে ১২ কোটি টাকার থোক বরাদ্দ দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে। গত বছরের মে মাসে এ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল। প্রকল্পের জন্য ওই সময় থেকেই একটি কার্যালয় ভাড়া নেওয়া হয়। এ বাবদ এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৬ লাখ টাকা, যা বরাদ্দ থেকেই ব্যয় হয়।সূত্র আরও জানায়, বরাদ্দ দেওয়া অর্থের মধ্যে ছয় কোটি ১৫ লাখ টাকা ভিক্ষুক জরিপকাজের জন্য এবং ছয় কোটি ৩২ লাখ টাকা তাদের পুনর্বাসনের জন্য। প্রথমে হবে জরিপ। এই জরিপের উদ্দেশ্য হলো, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষের সঠিক সংখ্যা, ভিক্ষাবৃত্তির কারণ ও ধরন জানা। জরিপ শেষ হলে ভিক্ষাবৃত্তি ছাড়িয়ে ভিক্ষুকদের সুপেয় পানি ও স্যানিটেশন-সুবিধাসহ আবাসন, ভরণ-পোষণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করা হবে। ভিক্ষুকদের কারিগরি প্রশিক্ষণ এবং তাদের পরিবারকে সহায়তা দেওয়া হবে।মন্ত্রণালয়ের সূত্র জানায়, সারা দেশের ১০টি অঞ্চলে এক দিনব্যাপী এই ভিক্ষুক জরিপ করার জন্য ১০টি এনজিওকে নির্বাচন করার কথা ছিল। এ ১০টি এনজিও নির্বাচনের জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে সাত সদস্যের একটি প্রস্তাব মূল্যায়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির কাছে ১০টি অঞ্চলের জরিপকাজ পরিচালনার জন্য ৮৫টি এনজিও আগ্রহ জানিয়ে প্রস্তাব জমা দেয়। তবে এগুলোর মধ্যে ২০টি এনজিও নির্ধারিত সময়ের পর প্রস্তাব জমা দেওয়ায় সেগুলো গ্রহণ করা হয়নি। কিন্তু বাকি ৬৫টি এনজিওর মধ্য থেকে জরিপের জন্য ১০টি এনজিওকে এখনো নির্বাচন করা হয়নি। ফলে এ প্রকল্পের প্রাথমিক অর্থাৎ জরিপকাজই শুরু হয়নি।জরিপ ও পুনর্বাসন যেভাবে হবে: জানা গেছে, ঢাকা মহানগরকে চারটি অঞ্চল এবং বিভাগীয় শহরগুলোকে ছয়টি আঞ্চলিক কেন্দ্রে ভাগ করে একযোগে জরিপকাজ চালানো হবে। জরিপে প্রতিবন্ধী, পেশাদার, শিশু ও মহিলা এবং মৌসুমী—এ চার শ্রেণীর ভিক্ষুকদের শনাক্ত করা হবে।কিন্তু জরিপকাজ এখনো শুরু না হওয়ায় প্রকল্পের জন্য থোক বরাদ্দ ফেরত যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস গত মঙ্গলবার প্রথম আলোকে জানান, জুনের তৃতীয় সপ্তাহে ভিক্ষুক জরিপের কাজ শুরু হতে পারে। জরিপ শুরুর আগে কিছু কার্যপ্রণালি রয়েছে, তা শেষ করতে হবে। জরিপ বিষয়ে হাইকোর্টের মতামত নিতে হয়েছে, যে কারণে কিছু বিলম্ব হচ্ছে। বরাদ্দ দেওয়া অর্থ ফেরত যাচ্ছে কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।সচিব জুনের তৃতীয় সপ্তাহে জরিপের কাজ শুরু করার কথা জানালেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জুলাই-আগস্টের আগে জরিপের কাজ শুরু করা সম্ভব নয়।এদিকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের উপপ্রধান রোকন উদ্দিন প্রথম আলোকে জানান, মঙ্গলবার এ প্রকল্পের অগ্রগতি বিষয়ে বৈঠক হয়েছে। বৈঠকে দ্রুত এ কাজ শেষ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব ড. আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘এই প্রথম ভিক্ষুকদের জন্য কোনো সরকার কিছু করতে চাচ্ছে। সে জন্য তাদের অবশ্যই স্বাগত জানাই। সব সরকারই প্রকল্প হাতে নেয়, কিন্তু বাস্তবায়ন করতে পারে না। সামগ্রিকভাবে সব সরকারের আমলে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা যায়। এ অবস্থা উত্তরণে সরকারি কর্মকর্তাদের আরও তাগাদা দিতে হবে, দায়বদ্ধতা বাড়াতে হবে।’