চলতি অর্থবছরের বরাদ্দ আসার আগেই সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের অগ্রিম চেক দাখিল করে উপজেলার রাজস্ব খাত থেকে টাকা উত্তোলন করে ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উপকরণ ক্রয় করা হয়েছে।আর এই উপকরণ ক্রয়ে ইউএনওর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তবে কয়েকজন চেয়ারম্যান জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত নির্দেশ পেয়েই তাঁরা এ কাজ করেছেন।উপজেলা প্রশাসন ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এ উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি তথ্যসেবা কেন্দ্রের জন্য একটি প্রজেক্টর, একটি ডিজিটাল ক্যামেরা ও একটি লেমিনেটিং মেশিন ক্রয়ের জন্য ২০১১-১২ অর্থবছরের এলজিএসপির বরাদ্দ থেকে অগ্রিম চেক প্রদানের মাধ্যমে সমন্বয় সাপেক্ষে এ ইউনিয়নগুলোতে সর্বনিম্ন আট হাজার ১০০ থেকে সর্বোচ্চ এক লাখ ১৫ হাজার ৮০০ টাকা করে সর্বমোট সাত লাখ ৪৭ হাজার ২০০ টাকার চেক দেওয়ার জন্য দশজন ইউপি চেয়ারম্যানকে গত ১৩ অক্টোবর ইউএনও চিঠি দেন। ওই চিঠি পেয়ে ইউপি চেয়ারম্যানরা এলজিএসপির বরাদ্দ আসার আগেই বাধ্য হয়ে অগ্রিম চেকে স্বাক্ষর করে দেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউপি চেয়ারম্যান বলেন, ‘আমরা ইউএনওর নির্দেশে এলজিএসপির অগ্রিম চেক দেওয়ার কাজটি করার পরেও ইউনিয়ন রাজস্ব খাতের আরও একটি করে চেকে তিনি স্বাক্ষর দিতে আমাদের বাধ্য করেন। কোনো নিয়মনীতির অনুসরণ না করে উপকরণ ক্রয়ের কাজটা তিনি একাই করেছেন। ফলে ইউনিয়ন পরিষদের সদস্যরা এ নিয়ে খুবই মনঃক্ষুণ্ন হয়েছেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি পেয়ে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উপকরণ ক্রয়ের জন্য এলজিএসপি প্রকল্পের অগ্রিম চেক ও ইউনিয়ন রাজস্ব খাতের চেক নেওয়া হয়েছে। এতে আমি কোনো অনিয়ম করিনি। খুব শিগগির উপকরণ ক্রয়ের ভাউচার ইউপি চেয়ারম্যানদের বুঝিয়ে দেওয়া হবে।’