বরাদ্দ ছাড় ও কাজ সম্পাদন একই দিনে
চুয়াডাঙ্গায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় (তৃতীয় পর্যায়ে বিশেষ) নেওয়া ৮০টি প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আজ ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও প্রকল্প সভাপতিরা গতকাল শনিবার পর্যন্ত খাদ্যশস্যের ছাড়পত্র (ডিও লেটার) হাতে না পাওয়ায় কাজ শুরুই করতে পারেননি। সংশ্লিষ্ট উপজেলাগুলোর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে প্রকল্প সভাপতিদের জানানো হয়েছে, ৩০ জুন খাদ্যশস্যের ছাড়পত্র (ডিও লেটার) দেওয়া হবে।
এ অবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, ‘ছাড়পত্র আজ পাওয়া গেলে কাজ হবে কবে?’ একাধিক পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ২০১২-১৩ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় ৮০টি প্রকল্প বাস্তবায়নে সাংসদদের অনুকূলে ২০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। আলমডাঙ্গা উপজেলায় ২৫টি প্রকল্পে ৬০ মেট্রিক টন এবং সদর উপজেলায় ১৫টি প্রকল্পে ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। দামুড়হুদা উপজেলায় ২১টি প্রকল্পে ৫০ মেট্রিক টন এবং জীবননগর উপজেলায় ১৯টি প্রকল্পে ৫০ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোয়াজ্জেম হোসেন জানান, ৩০ জুন খাদ্যশস্যের ছাড়পত্র দেওয়া হবে। অন্য পিআইওরা একই কথা জানান। ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে মন্ত্রণালয়ের নির্দেশনা প্রসঙ্গে জানতে চাইলে জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস বলেন, ‘২৭ জুন জেলা কার্যালয় থেকে প্রকল্প সভাপতিদের নামের চূড়ান্ত তালিকা পাওয়া গেছে। তবে খাদ্যশস্যের ছাড়পত্র দিতে দেরি হওয়ায় এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে প্রকল্প সভাপতিদের সময় বেঁধে দেওয়া হবে।’