বরাদ্দ তুলেছেন ২০ মাস আগে, কাজ শুরু হয়নি
বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে দুটি জলঘাট নির্মাণকাজের বরাদ্দ ২০ মাস আগে তুলে নিলেও প্রকল্প বাস্তবায়ন কমিটি এখনো কাজ শুরু করেনি। এলাকাবাসী অবিলম্বে ওই দুটি জলঘাট নির্মাণের দাবিতে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরের টিআর কর্মসূচির আওতায় পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর এলাকার ননাইয়ারমার ঘাট নির্মাণে তিন মেট্রিক টন এবং দুমুখো ঘাট নির্মাণের জন্য পাঁচ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইউসুফ মিয়াকে সভাপতি করে ননাইয়ারমার ঘাট এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদকে সভাপতি করে দুমুখো ঘাট প্রকল্প বাস্তবায়ন কমিটি করা হয়। তাঁরা ২০ মাস আগে মাস্টাররোল জমা দিয়ে আট মেট্রিক টন গম তুলে নিয়েছেন। কিন্তু এখনো প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়নি।সরেজমিনে দেখা গেছে, ২০০৯ সালের ১৩ জুন চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মইনুদ্দিন খানের স্থাপন করা ঘাট নির্মাণকাজের দুটি ভিত্তিপ্রস্তর পড়ে রয়েছে। লোকজন কাদামাটি মাড়িয়ে ইঞ্জিনচালিত নৌকা-সাম্পানে ওঠা-নামা করছে। ননাইয়ারমার ঘাট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. ইউসুফ মিয়া বলেন, ‘আমি নিজেই জানি না যে আমি প্রকল্প কমিটির সভাপতি।’ দুমুখো খাল প্রকল্পের সভাপতি মো. বশির আহমদ বলেন, ‘পাঁচ টন গমের বিপরীতে যে টাকা পেয়েছি, তাতে পূর্ণাঙ্গ ঘাট নির্মাণ করা সম্ভব নয়। সম্পূরক বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। তাই নির্মাণকাজ আপাতত বন্ধ রেখেছি।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুর রহমান বলেন, ‘তখন আমি দায়িত্বে ছিলাম না। এ বিষয়ে আমি বলতে পারব না।’