বরাদ্দ না থাকায় দুই জেলায় পাঁচ সড়কের কাজ বন্ধ
অর্থ বরাদ্দ না থাকায় জয়পুরহাটে চারটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ আটকে গেছে। এ কারণে এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একইভাবে গাইবান্ধায় অর্থ বরাদ্দ না হওয়ায় একটি সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে।জয়পুরহাটে যেসব সড়কের কাজ বন্ধ রয়েছে সেগুলো হলো—হিলি স্থলবন্দর-জয়পুরহাট, জয়পুরহাট-রাজাবিরাট-গোবিন্দগঞ্জ, জয়পুরহাট-আক্কেলপুর ও জয়পুরহাট-ধামুইরহাট-নজিপুর সড়ক।গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুর-রূপারবাজার নতুন সড়কটি নির্মাণের জন্য নয় মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই কাজ ১৮ মাসেও শুরু হয়নি। নির্মাণের জন্য আগের কাঁচা সড়কটি খোঁড়াখুঁড়ি করে রাখায় স্থানীয় লোকজনকে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জয়পুরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাট পৌর এলাকা পর্যন্ত ২১ কিলোমিটার সড়ক দিয়ে পণ্যবাহী যানবাহন, ঢাকাগামী বাসসহ বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করায় এটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।কয়েক মাস আগে সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। এ জন্য ব্যয় ধরা হয় ১৩ কোটি ১৮ লাখ ৬১ হাজার টাকা। কাজটি পায় আইসিসিএন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী বছরের ২৬ মে কাজ শেষ করার কথা থাকলেও এখনো কাজ শুরু হয়নি।একইভাবে জয়পুরহাট-রাজাবিরাট-গোবিন্দগঞ্জর সড়কের ছয় কিলোমিটার এবং জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাঁচ কিলোমিটার সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হলেও এখনো কাজ শুরু হয়নি। জয়পুরহাট-ধামুইহাট-নজিপুর সড়কের জয়পুরহাট অংশের ১০ কিলোমিটারের সংস্কারকাজের দরপত্র হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছিল। কিন্তু অর্থ বরাদ্দ না করায় মাঝপথে নির্মাণকাজ থেমে গেছে।সওজ জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, বরাদ্দ না থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। বরাদ্দের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।সরেজমিনে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর-রূপারবাজার সড়কে গিয়ে দেখা গেছে, পাকা করার জন্য সড়কের এক ফুট পরিমাণ মাটি কেটে দুই পাশে ফেলে রাখা হয়েছে। বেহাল অংশের ছবি তোলার সময় সড়ক ধরে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার বামনীপাড়া গ্রামের সংস্কৃতিকর্মী মাহমুদুল গণি। মাহমুদুল গণি আক্ষেপ করে বলেন, কাঁচা হলেও সড়কটি আগেই ভালো ছিল। খোঁড়াখুঁড়ি করার কারণে দুর্ভোগ বেড়েছে। সড়ক ধরে চলাচল করতে গিয়ে ধুলাবালু দিয়ে শরীর মেখে যাচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি।সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, একটি প্রকল্পের আওতায় দারিয়াপুর-রূপারবাজার সড়কের এক কিলোমিটার অংশ সংস্কারের জন্য ২০১০ সালের মাঝামাঝি দরপত্র আহ্বান করা হয়। রয়েল ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। এ কাজের ব্যয় ধরা হয় ৩৪ লাখ ৫ হাজার ৩৫৪ টাকা। একই বছরের ১৩ মে কার্যাদেশ দেওয়া হয়। নয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা। গত ৩০ নভেম্বর পর্যন্ত কাজই শুরু করা হয়নি।ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অর্থ বরাদ্দ না থাকায় সড়কটির কাজ শুরু করা যাচ্ছে না।উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর বলেন, অর্থ বরাদ্দ না থাকায় ঠিকাদার কাজ করতে চাচ্ছেন না। তবুও কাজ শুরুর জন্য ঠিকাদারকে একাধিকবার পত্র দেওয়া হয়েছে।