বরাদ্দ না থাকায় ১০৪টি প্রকল্পের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাদ্দ না থাকায় মাদারীপুরের কালকিনি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১০৪টি প্রকল্পের প্রায় ১৩৩ কোটি টাকার উন্নয়নকাজ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারেরা ইতিমধ্যে প্রকল্পগুলোর বিভিন্ন পর্যায়ের কাজ শেষে প্রায় ৩২ কোটি টাকার বিল না পাওয়ায় কাজ বন্ধ রেখেছেন।এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলায় এলজিইডির অধীনে ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে বৃহত্তর ফরিদপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম পর্যায়) ১৫টি প্রকল্পের কাজ শুরু হয়। এ জন্য মোট ব্যয় ধরা হয় প্রায় ১০ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে ছয়টির কাজ সমাপ্ত এবং অন্য নয়টির এক-তৃতীয়াংশ বা অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদারেরা প্রায় পাঁচ কোটি টাকার বিল জমা দিলেও কোনো টাকা তুলতে পারেননি। বাকি পাঁচ কোটি টাকার কাজ এখন সম্পূর্ণ বন্ধ।বৃহত্তর ফরিদপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) ৮৪টি প্রকল্পের মধ্যে ৩০টির কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদারেরা প্রায় ১০ কোটি টাকার চূড়ান্ত বিলও জমা দিয়েছেন। কিন্তু তহবিলে টাকা না থাকায় এলজিইডি এই বিল পরিশোধ করতে পারেনি। এদিকে ঠিকাদারেরা বাকি ৫৪টি প্রকল্পের আংশিক কাজ করে প্রায় পাঁচ কোটি টাকার বিল জমা দিয়ে না পাওয়ায় কাজ বন্ধ রেখেছেন। আরও প্রায় ২০ কোটি টাকার কাজ পড়ে আছে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান সাদেক আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খোকন হাওলাদার বলেন, ‘আমরা ৭২ লাখ টাকার একটা রাস্তার কাজ পেয়েছি। অর্ধেক কাজ শেষ করেছি। এক টাকাও পাইনি। টাকা না পেলে বাকি কাজ করব কীভাবে?’অন্যদিকে, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ প্রকল্পের আওতায় চারটি ভবন তৈরির কাজ শেষ হয়েছে এক বছর আগে। কিন্তু ঠিকাদারদের প্রায় তিন কোটি টাকার বিল এখন পর্যন্ত দিতে পারেনি এলজিইডি। এ কারণে এখন পর্যন্ত ব্যবহারের উপযোগী হয়ে ওঠেনি নতুন নির্মিত এনায়েতনগর, সাহেবরামপুর, লক্ষ্মীপুর ও কাজীবাকাই ইউনিয়ন পরিষদ ভবন।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সবুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মসিউর রহমান বলেন, ‘আমাদের বিভিন্ন প্রকল্পের প্রায় এক কোটি টাকার বিল বকেয়া রয়েছে। টাকা না পাওয়ায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। জনগণ আমাদের গালমন্দ করে। আসলে আমাদের করার কী আছে।’এ ছাড়া ২০১১-১২ অর্থবছরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের কাজে প্রায় ১০ কোটি টাকার বিল দাখিল করলেও এলজিইডি মাত্র এক কোটি টাকা পরিশোধ করেছে। বরাদ্দ না থাকায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রায় ৮৫ কোটি টাকার এ প্রকল্পের কাজ গত বছরের মে থেকে সম্পূর্ণ বন্ধ রেখেছেন। অথচ ২০১৪ সালের ৩০ এপ্রিল এর কাজ শেষ করার কথা।এলজিইডির উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন প্রকল্পের টাকা বকেয়া থাকায় ঠিকাদারেরা কাজ করতে চাইছেন না। আমরা ঠিকাদারদের কাজ করার জন্য অনুরোধ করেছি। টাকা এলেই তাদের দিয়ে দেব।’এলজিইডি মাদারীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস জানান, বৃহত্তর ফরিদপুর-২ প্রকল্পের ২৪ কোটি টাকার বিল তাঁর কাছে জমা আছে। এ ছাড়া অন্যান্য প্রকল্পে টাকা না থাকায় ঠিকাদারেরা কাজ বন্ধ রেখেছেন। তহবিলে টাকা না থাকায় তাঁদের বিল দেওয়া যাচ্ছে না।