বরাদ্দ নেই, বাস টার্মিনালের কাজ আড়াই বছর বন্ধ
শেরপুর আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি। বরাদ্দ না থাকায় প্রায় আড়াই বছর ধরে এ কাজ বন্ধ রয়েছে। ফলে শহরে যানজট লেগেই থাকছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসী ও দূর-দূরান্তের যাত্রীদের। শেরপুর পৌরসভা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে জেলার পাঁচটি উপজেলাসহ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলার অনেক ভারী যানবাহন প্রতিদিন শেরপুর শহরের ওপর দিয়ে ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন গন্তব্যে যায়। তাই শেরপুর শহর যানজটমুক্ত রাখতে পৌরসভার উদ্যোগে ২০০৯ সালের ১০ এপ্রিল দুই কোটি ৫৩ লাখ টাকা ব্যয় ধরে আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে সাত হাজার ৬০০ বর্গফুট আয়তনের টার্মিনালটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অর্থাভাবে দুই বছর যাবৎ কাজ বন্ধ রয়েছে।১৪ মার্চ টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, অযত্ন-অবহেলায় অসমাপ্ত টার্মিনাল ভবনের দেয়ালের পলেস্তারায় ফাটল ধরেছে। ভবনের ভেতরে বিভিন্ন যানবাহনের চাকা ও কাঠ স্তূপ করে রাখা হয়েছে। সেখানে কয়েকজন কাঠমিস্ত্রি আসবাবপত্র তৈরি করছেন। সামনের খালি জায়গায় কয়েকটি ট্রাক মেরামতের জন্য রাখা। টার্মিনালের নৈশপ্রহরী ছোরহাব আলী বলেন, ‘প্রায় আড়াই বছর যাবৎ নির্মাণকাজ বন্ধ। এটি এখন ট্রাকের গ্যারেজ।’শেরপুর-ঢাকাপথে চলাচলকারী মহানগর বাস সার্ভিসের চালক মো. আবদুল খালেক বলেন, ‘রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো করাতে হয়। এতে আমরা চরম দুর্ভোগ পোহাচ্ছি।’ জানা গেছে, ২০০০ সালে শেরপুর শহরের নবীনগর এলাকায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হয়। এখান থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা পথে যান চলাচল করে। এই টার্মিনালটি ছোট পরিসরের হওয়ায় অধিকাংশ গাড়িই সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এ কারণে যানজট লেগেই থাকে। শেরপুর পৌরসভার হিসাবরক্ষক মো. সেলিম আলম বলেন, অষ্টমীতলা বাস টার্মিনালের নির্মাণকাজ শেষ হলে এটি ইজারা দিয়ে বছরে পৌরসভা অন্তত ২০ লাখ টাকা রাজস্ব আয় করতে পরবে। পৌরসভার সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, টার্মিনালটির ৭০ শতাংশ কাজ শেষ। এ জন্য ঠিকাদারকে এক কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট কাজ করতে আরও প্রায় এক কোটি টাকা প্রয়োজন। বাস টার্মিনাল নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স ধ্রুব ট্রেড এজেন্সির অন্যতম অংশীদার মো. হাবিবুর রহমান বলেন, ‘যে কাজ করা হয়েছে তাঁর ১০ লাখ টাকা এখনো পাওনা। নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় আগের প্রাক্কলনে এখন আর কাজ শেষ করা সম্ভব নয়।’ পৌরসভার মেয়র মো. হুমায়ূন কবীর গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, টার্মিনালটির কাজ শেষ করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে একাধিকবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই বাকি কাজ শেষ করা হবে।