বরাদ্দ নেই, মতলবে জাটকা রক্ষার অভিযান বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ বরাদ্দ না দেওয়ায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাটকা রক্ষার অভিযান বন্ধ রয়েছে। এতে জাটকা রক্ষা কর্মসূচি ব্যাহত হচ্ছে। ফলে জেলেরা নদী থেকে ধরে আনা জাটকা উপজেলার বিভিন্ন স্থানে অবাধে বিক্রি করতে পারছেন।
চাঁদপুর মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় এবং পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জাটকা নিধন বন্ধে ১ মার্চ থেকে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য কার্যালয়গুলো অভিযান চালানোর ঘোষণা দেয়।
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার বলেন, জাটকা শিকার ও বিক্রি বন্ধে অভিযান চালানোর নির্দেশনা আছে। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় অভিযান চালানো যাচ্ছে না। গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে মা-ইলিশ রক্ষার অভিযানে ১ লাখ ৩২ হাজার টাকা খরচ করেছেন। ওই কাজে কিছুদিন আগে সরকারি বরাদ্দ পেয়েছেন মাত্র ৩০ হাজার টাকা। বাকি ১ লাখ ২ হাজার টাকা এখনো পাননি।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, এবার জাটকা রক্ষা কর্মসূচির শুরুতে তাঁর কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জায়গায় ২০টি ব্যানার টানিয়েছেন। এলাকায় মাইকিং করেছেন দুবার। জেলেদের নিয়ে কয়েকটি সচেতনতা সভাও করেছেন। যানবাহনের ভাড়াসহ অন্যান্য খাতে নিজের পকেট থেকেও কিছু টাকা খরচ করেছেন। কিন্তু এখনো এ খাতে কোনো বরাদ্দ পাননি। এ জন্য অভিযান চালাতে পারছেন না। অর্থ বরাদ্দের জন্য জেলা মৎস্য কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেছেন।
স্থানীয় নানা সূত্রে জানা গেছে, অভিযান বন্ধ থাকায় উপজেলার কাজীরবাজার, বরদিয়া, মুন্সীরহাট, কলাদী, বোয়ালিয়া, নবকলসসহ আরও কয়েকটি এলাকায় জেলেরা গোপনে জাটকা বিক্রি করছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব এলাকার হাটবাজারেও জাটকা বিক্রি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলাদী এলাকার এক বাসিন্দা জানান, গত শুক্রবার স্থানীয় জেলে তাঁর কাছে তিন কেজি জাটকা বিক্রি করেছেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, এবার জাটকা রক্ষার অভিযানের জন্য বরাদ্দ চেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এখনো বরাদ্দ আসেনি। এ জন্য কিছুটা সমস্যা হচ্ছে। তবু জাটকা রক্ষার অভিযান পুরোদমেই চলছে। তিনি দাবি করেন, অভিযান চালিয়ে গত পাঁচ দিনে জেলায় ১৫ লাখ বর্গমিটার কারেন্ট জাল ও চার মণ জাটকা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ২০ জন জেলেকে।