উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে সময়মতো ফ্ল্যাট বুঝে না পাওয়ায় এবং টাকার প্রয়োজন হওয়ায় বরাদ্দ পাওয়া ২০০ ব্যক্তি তাঁদের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। যাঁরা তাঁদের কাছ থেকে এই প্রক্রিয়ায় ফ্ল্যাট কিনেছেন, তাঁরা পড়েছেন বড় ধরনের আর্থিক বিপাকে। তাঁদের ফ্ল্যাট রেজিস্ট্রেশনের জন্য ১০ লাখ টাকা করে দেওয়ার কথা থাকলেও হস্তান্তর বাবদ আরও ১০ লাখ টাকা করে দিতে হবে। এ জন্য তাঁদের প্রত্যেকের মোট খরচ হবে ২০ লাখ টাকা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অ্যাপার্টমেন্ট প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। যাঁরা নিজেদের ফ্ল্যাট বিক্রি করেছেন, তাঁরা উত্তরা ১৮ নম্বর সেক্টরের এ-ব্লকে ফ্ল্যাট পেয়েছিলেন।
এদিকে এই প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দ পাওয়া ৫ হাজার ২০০ জনের মধ্যে ১ হাজার ৬০০ জন বরাদ্দ না নিতে চাওয়ায় তাঁদের প্রায় ৩০০ কোটি টাকা ফেরত দিতে হয়েছে রাজউককে।
গত বৃহস্পতিবার রাজউক ভবনের বর্ধিত অংশের চতুর্থ তলায় অবস্থিত অ্যাপার্টমেন্ট কার্যালয়ের সামনে কয়েকজন ক্রেতাকে পাওয়া যায়। তাঁদের অভিযোগ—উত্তরায় পাওয়া ফ্ল্যাট রেজিস্ট্রেশনের সময় খরচ হিসাবে তাঁদের ১০ লাখ টাকা করে দিতে হবে বলে জেনেছিলেন। কিন্তু এখন জানতে পেরেছেন, দ্বিগুণ অর্থাৎ ২০ লাখ টাকা লাগবে।
এ বিষয়ে অ্যাপার্টমেন্ট প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ এস এ সাবরী প্রথম আলোকে বলেন, রেজিস্ট্রেশনের খরচ প্রায় ১০ লাখ টাকা দিতে হবে—এটা ঠিকই আছে। কিন্তু যাঁরা সরাসরি ফ্ল্যাট বরাদ্দ পাননি অর্থাৎ বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কাছ থেকে কিনেছেন, তাঁদের সরকারি নিয়ম অনুযায়ী হস্তান্তর রেজিস্ট্রেশন বাবদ আরও ১০ লাখ টাকা করে দিতে হবে। ফ্ল্যাট বুঝে পাওয়ার পরই রেজিস্ট্রেশন করতে হবে।
সরাসরি ফ্ল্যাট পাননি, এমন কয়েকজনের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তাঁরা তাঁদের সমস্যার কথা জানান। মিরপুর ১২ নম্বর সেকশনে থাকেন একজন। সরকারি চাকরি থেকে গত বছর অবসরে গেছেন। এককালীন টাকা পেয়ে এক লাখ টাকা লাভ দিয়ে পরিচিতজনের কাছ থেকে তাঁর বরাদ্দ পাওয়া ফ্ল্যাটটি কিনেছেন। ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিও করেছেন। বাকি কিস্তির টাকা তিনিই পরিশোধ করবেন। এখন জানতে পেরেছেন, রেজিস্ট্রেশনে বাড়তি ১০ লাখ টাকা লাগবে। এই টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
কুমিল্লার মুরাদনগরের অপর এক ক্রেতা রাজউকের বিভিন্ন প্রকল্পে প্লটের জন্য আবেদন করেছিলেন, একটিও পাননি। ফ্ল্যাট প্রকল্পে আবেদন করেননি। ভবিষ্যতে আর প্লট দেওয়া হবে না জেনে বন্ধুর পাওয়া ফ্ল্যাটটি কিনেছেন। তাঁকে এ জন্য বাড়িতে জমিও বিক্রি করে দিতে হয়েছে। এখন তাঁকে বাড়তি ১০ লাখ টাকা দিতে হবে জেনে বিপাকে পড়েছেন।
১ হাজার ৬০০ জন বরাদ্দ ফেরত দিয়েছেন: ২০১২ সালে আবেদন করে ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পর প্রায় আড়াই বছরেও বুঝে না পেয়ে হতাশ হয়ে ফ্ল্যাট বিক্রি (বরাদ্দপত্র) করে দেন অনেকেই। ফ্ল্যাট বুঝে পাওয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টাকা পরিশোধের পর ফের আবেদন করে পুরো টাকা ফেরত নিয়ে নেন। যাঁরা তিন কিস্তির টাকা জমা দিয়েছিলেন, তাঁরা জামানতের টাকাসহ মোট ২৩ লাখ ১৭ হাজার টাকা করে ফেরত পেয়েছেন। সব মিলিয়ে এমন ১ হাজার ৬০০ বরাদ্দ পাওয়া ব্যক্তি তাঁদের টাকা ফেরত নিয়েছেন। এতে রাজউকের ফেরত দিতে হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
২০১২ সালে উত্তরার এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ছিল ৩ হাজার ৫০০ টাকা। গাড়ি রাখার জায়গা ও সেবা খাতের টাকা ছাড়া ১ হাজার ৬২০ বর্গফুটের প্রতিটি মূল ফ্ল্যাটের দাম ছিল ৫৬ লাখ টাকা।