বরাদ্দ পাওয়া যায়নি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় ভুগছেন শিক্ষকেরা। ১০ মাস ধরে বিদ্যুৎ বিলের সরকারি বরাদ্দ না আসায় তাঁরা এ আশঙ্কা করছেন। বিদ্যুৎ বিভাগ যাতে সংযোগ বিচ্ছিন্ন না করে, সে জন্য শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যরা ব্যক্তি উদ্যোগে বিদ্যুৎ বিল দিচ্ছেন। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলে বিল দেওয়া হচ্ছে।

তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যুৎ বিলের টাকা নেওয়া যাবে না। এ ধরনের কাজ করা হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, মির্জাপুরে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ-সংযোগ রয়েছে ১৩২টি বিদ্যালয়ে। খুঁটির দূরত্বের কারণে ৩৭টি বিদ্যালয়ের বিদ্যুতের সংযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে ওই ১৩২টি বিদ্যালয়ে বিদ্যুৎ বিলের প্রাক্কলন করা হয়েছে প্রায় সাত লাখ টাকা। অথচ গত মার্চ পর্যন্ত দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। পরে আরও দেড় লাখ টাকা দেওয়া হয়। এ টাকা বিভিন্ন বিদ্যালয়ের বিপরীতে কমবেশি করে ছাড় করা হয়েছে। তবে অধিকাংশ বিদ্যালয়েই এখন পর্যন্ত টাকা ছাড় করা হয়নি। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন।

নাম প্রকাশ না করার শর্তে দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চারটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ১০ মাস ধরে তাঁরা পকেটের টাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করছেন। দ্রুত এ অবস্থার অবসান না হলে তাঁদের বিল পরিশোধ করা থেকে বিরত থাকতে হবে।

উপজেলা সদরের কান্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হামিদ বলেন, তাঁর বিদ্যালয়ে গড়ে মাসে ৫০০-৮০০ টাকা বিদ্যুৎ বিল আসে। সরকারি বরাদ্দ না আসায় মার্চ পর্যন্ত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকেরা বিল পরিশোধ করেছেন। কমিটির সদস্যদের পরামর্শে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ টাকা করে নিয়ে এপ্রিলের বিল দিয়েছেন। এ টাকা আসন্ন পরীক্ষার ফির সঙ্গে সমন্বয় করা হবে। পরে শিক্ষার্থীদের কাছ আর না টাকা না নিয়ে তাঁরা মে মাসের বিল দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রাপ্ত দুই লাখ টাকা বরাদ্দ বাদে আরও পাঁচ লাখ টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়। এর মধ্যে দেড় লাখ টাকা পাওয়া গেছে।