বরাদ্দ ফেরত, সংস্কার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় পটুয়াখালীর চার উপজেলার মানুষ আশায় বুক বেঁধেছিল—তাদের দুর্ভোগের দিন বুঝি শেষ হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর বরাদ্দ দেওয়া টাকা ফেরত নিয়ে যাওয়ায় কাজ বন্ধ হয়ে গেছে। এতে মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে।এ করুণ অবস্থা বাউফল-দুমকি সড়কের। সংস্কারকাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি ও নিচের অংশ কেটে ফেলায় বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কটি দিয়ে পটুয়াখালীর বাউফল, গলাচিপা ও দশমিনার মানুষ যাতায়াত করে। এখন কাজ বন্ধ হয়ে যাওয়ায় এ চার উপজেলার ১২ লাখ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-২০১১ অর্থবছরে বাউফল-দুমকি এবং বাউফল-দশমিনা ভায়া গলাচিপা-আমড়াগাছিয়া পর্যন্ত মোট ৮৮ কিলোমিটার মহাসড়ক পুনঃসংস্কারের জন্য ৯৯ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ২০১১ সালের ১০ এপ্রিল দুমকি-বাউফল অংশের ১৮ কিলোমিটার সংস্কারের জন্য পৃথক গুচ্ছে (প্যাকেজ) দরপত্র আহ্বান করা হয়। সিডিউল অনুযায়ী এ কাজ তিন বছরের মধ্যে শেষ করার কথা। সওজ পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুন মাসে সওজ দুমকি-বাউফল সড়ক সংস্কারের জন্য মাত্র দুই কোটি টাকা বরাদ্দ দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহফুজ এন্টারপ্রাইজ অবশ্য এপ্রিল মাস থেকেই সড়কটির নিচের অংশ কেটে বালু, ইট, পাথর ফেলার কাজ শুরু করে। এর মধ্যে বগা থেকে কালাইয়া পর্যন্ত অংশে ইতিমধ্যেই সড়কের নিচের অংশ কাটা শেষ হয়েছে। কাজ শুরুর কয়েক মাস পর সওজ কর্তৃপক্ষ এ কাজের জন্য বরাদ্দ দেওয়া দুই কোটি টাকার মধ্যে এক কোটি টাকা নিয়ে গেছে। অন্য জায়গার সড়ক জরুরিভাবে সংস্কার করার যুক্তি দেখিয়ে সওজ ওই টাকা কেটে নেয়। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ বন্ধ করে দিয়েছে। বাসচালক মালেক মিয়া জানান, সড়কের অর্ধেক অংশ সাব-বেইজ করার জন্য কেটে ফেলে রাখায় মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহফুজ খান এন্টারপ্রাইজের মালিক মো. মাহফুজ খান দাবি করেন, সংস্কারকাজ করতে গিয়ে ইতিমধ্যে বরাদ্দ দেওয়া টাকার চেয়ে প্রায় চার গুণ টাকা খরচ হয়েছে। এরপর আবার সওজ কর্তৃপক্ষ এক কোটি টাকা কেটে নিয়ে গেছে। এখন বরাদ্দ না পেলে আর কাজ করা সম্ভব নয়। সওজের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, সরকার জরুরি ভিত্তিতে মেরামতের জন্য এ প্রকল্প থেকে এক কোটি টাকা নিয়েছে। তবে ডিসেম্বরের মধ্যে আবার বরাদ্দ পাওয়ার সম্ভাবনা আছে।