বরাদ্দ ফেরত যাওয়ার শঙ্কা
সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মনোনীত প্রতিনিধিদের সঙ্গে ইউপি চেয়ারম্যান-সদস্যদের দ্বন্দ্ব ও মতপার্থক্যে পাবনার ঈশ্বরদী উপজেলার দুই ইউনিয়নে সুবিধাবঞ্চিত অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের ভাতা দেওয়ার জন্য নামের তালিকা তৈরির কাজ আটকে আছে। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কাজ এগোচ্ছে না। কোন পক্ষ কয়টি নাম তালিকায় দেবে, তা নিয়ে প্রায় আড়াই মাস ধরে চলছে রেষারেষি।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছর ঈশ্বরদীর সাত ইউনিয়নে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের সরকারি ভাতা দেওয়ার অর্থ বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দের আওতায় এবার থেকে অতিরিক্ত ৫৩০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাসিক সরকারি ভাতা পাওয়ার কথা। এর মধ্যে ১৮৫ প্রতিবন্ধী, ৯১ বিধবা ও ২৫৪ জন বয়স্ক মানুষ। বয়স্ক ও বিধবারা মাথাপিছু ৪০০ ও প্রতিবন্ধীরা ৫০০ টাকা করে মাসিক ভাতা পাবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পর গত ১০ জানুয়ারি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়। চিঠিতে ওয়ার্ডভিত্তিক জনসংখ্যার আনুপাতিক হার বিভাজন করে পৃথক নামের তালিকা ৩১ জানুয়ারির মধ্যে সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু পাঁচটি ইউনিয়ন থেকে নামের তালিকা জমা হলেও লক্ষ্মীকুণ্ডা ও সাহাপুর তালিকা দেয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে ‘অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ব্যক্তিদের ভাতা প্রদান যাচাই-বাছাইসংক্রান্ত কমিটি’ রয়েছে। পৃথক এসব ইউনিয়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। প্রতিটি কমিটিতে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মনোনীত প্রতিনিধি রয়েছেন। লক্ষ্মীকুণ্ডা ও সাহাপুর ইউনিয়নে ভাতার তালিকা তৈরি করা নিয়ে এখানকার চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মনোনীত প্রতিনিধিদের দ্বন্দ্ব দেখা দিয়েছে।
লক্ষ্মীকুণ্ডা ও সাহাপুর ইউনিয়নের যাচাই-বাছাইসংক্রান্ত কমিটিতে সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও প্রতিনিধি সদস্যরা সরকারি দলের সঙ্গে জড়িত। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের যাচাই-বাছাই কমিটিতে সাংসদ প্রতিনিধির নাম নজরুল ইসলাম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কমিটিতে ইউএনও প্রতিনিধি হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শরীফ। একইভাবে সাহাপুর ইউনিয়নে যাচাই-বাছাই কমিটিতে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেক আলী বিশ্বাস। এই দুজন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও প্রতিনিধি।
সাহাপুর ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান বলেন, ইউনিয়ন কমিটিতে জমা না দিয়ে এখানকার সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও প্রতিনিধি সদস্যরা পৃথক তালিকা বানিয়ে উপজেলা পরিষদে জমা দেবেন বলে জানিয়েছেন। তবে তিনিও দু-এক দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে সমাজসেবা কার্যালয়ে পৃথক তালিকা জমা দেবেন বলে জানান চেয়ারম্যান নেফাউর রহমান।
সাহাপুর আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান পৃথক তালিকা বানানোর কথা স্বীকার করে বলেন, ‘সম্প্রতি সাহাপুর ইউনিয়ন যাচাই-বাছাই কমিটিতে যোগ দিয়ে আমরা দলের পক্ষ থেকে ১৮টি করে ভাতার তালিকা তৈরির দায়িত্ব নিয়েছি। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দলের প্রত্যেককে নিরপেক্ষভাবে দুটি করে অসচ্ছল মানুষের নাম জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।’ তিনি উল্টো অভিযোগ করেন, তাঁর ইউনিয়নের চেয়ারম্যান নেফাউর রহমান বিএনপির নেতা। দলীয় বিবেচনায় তিনি ভাতার তালিকা তৈরি করছিলেন। আতিয়ার রহমান আরও বলেন, ‘চেয়ারম্যান আমাদের কাউকে সভায় ডাকেননি।’
লক্ষ্মীকুণ্ডা ইউপি চেয়ারম্যান আনিসুল হক মোল্লা বলেন, ইউনিয়নে স্বাধীনভাবে কাজ করা দুরূহ হয়ে পড়েছে। তিনিও আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু ইউনিয়ন পরিষদে মনোনীত ওই সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। তালিকা তৈরির কাজ এগোচ্ছে না। হাল ছেড়ে দিয়েছেন তিনি। এখানকার আওয়ামী লীগ নেতা তাঁকে তালিকা তৈরি করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন চেয়ারম্যান আনিসুল হক।
যোগাযোগ করা হলে সাংসদ মনোনীত সদস্য নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা পরিষদের কাউকে বাধা দিচ্ছি না। বরং পরিষদের চেয়ারম্যান আমাদের না জানিয়ে তালিকা তৈরি করছেন।’
ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘ভাতার তালিকা তৈরি কারা করবে, কয়টি করবে’—এসব নিয়ে দ্বন্দ্বের কারণে নির্ধারিত সময় তালিকা জমা হয়নি। কিন্তু জুন মাসের মধ্যে তালিকা তৈরি করে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের মধ্যে ভাতা প্রদান করতে না পারলে টাকা ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তালিকা জমা না হলে তিনি তিন-চার দিনের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় তালিকা তৈরির কাজ সম্পাদন করবেন। তিনি আরও বলেন, দুস্থ ও অসহায় মানুষদের তালিকা তৈরি করা নিয়ে এ ধরনের রেষারেষি দুঃখজনক।