বরাদ্দ বাতিল হলেও বাড়ি ছাড়েননি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাদ্দ বাতিল হওয়ার পর প্রায় বছর পার হতে চললেও সরকারি বাড়ি ছাড়েননি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
সাবেক এই বিচারপতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সরকারি আবাসন পরিদপ্তরের পাঠানো এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
৫ মার্চ আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক মাসুদুল আলমের সই করা ওই চিঠিতে বলা হয়, ‘মাননীয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী অবসরজনিত কারণে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুসারে অবসর গ্রহণের তারিখ ২০১৫ সালের ৩ অক্টোবর হতে ২০১৬ সালের ২ এপ্রিল পর্যন্ত ছয় মাস বসবাসের সময় প্রদানপূর্বক তাঁর নাম হতে বিবেচ্য বাড়ির বরাদ্দ বাতিল করা হয়। এবং প্রদত্ত সময়ে স্থানীয় গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিসের বরাবরে বুঝিয়ে দেওয়ার জন্য পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়।’ কিন্তু বাড়ি ছাড়ার নির্ধারিত সময় পার হলেও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ওই বাড়িতে বিধিবহির্ভূতভাবে বসবাস করছেন বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘তাঁর কাছ থেকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা ১৯৮২-এর ১৯ (২) উপবিধির আওতায় প্রামাণিক ভাড়া আদায়যোগ্য।’
এ বিষয়ে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক দিন থেকেই মন্ত্রণালয়ে (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়) যোগাযোগ করছি। আমি তাদের লিখেছি, আমার নিরাপত্তার কারণে সময় বাড়িয়ে দেওয়া হোক। সর্বশেষ আমি আরও তিন মাস সময় চেয়েছি। সেটা মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।’ তিনি বলেন, ‘তারা আমাকে লিখেছে যে আমাকে ভাড়া দিতে হবে। আমি বলেছি, ভাড়া দেব।’
আবাসন পরিদপ্তরের পরিচালক মো. এমদাদুল হক বলেন, ‘বিচারপতি শামসুদ্দিন চৌধুরী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর কাছে গত সপ্তাহে তিন মাস সময় চেয়েছেন। কিন্তু এর মধ্যেই গুলশান-২ নম্বরের বাড়িটি বিদ্যুৎ সচিবের নামে বরাদ্দ দেওয়া হয়েছে।’