বরাদ্দ বিএনপির সাংসদের উদ্বোধন আ.লীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় কয়েকটি রাস্তা পাকাকরণের জন্য বরাদ্দ এসেছে জয়পুরহাট-২ আসনের (ক্ষেতলাল-কালাই-আক্কেলপুর) বিএনপির সাংসদের নামে। কিন্তু সেই রাস্তার কাজ উদ্বোধন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।
সাংসদ গোলাম মোস্তফা বলেন, ‘রাস্তাগুলো পাকাকরণের জন্য আমি সাংসদ হিসেবে অর্থ বরাদ্দ পেয়েছি। উদ্বোধন করতে না পারলেও এলাকাবাসী জানে, সড়কটি পাকাকরণ আমার দ্বারাই হচ্ছে। শুধু ভিত্তিপ্রস্তর বা উদ্বোধন করলেই সব ক্রেডিট নেওয়া যায় না। জনগণ সময়মতো ঠিকই এর জবাব দেবে।’
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি কাঁচা রাস্তা পাকাকরণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিএনপির সাংসদের নামে ২০১২-১৩ অর্থবছরে এক কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৬৩ টাকা বরাদ্দ আসে। এই বরাদ্দ দিয়ে উপজেলার পাঁচটি গ্রামীণ সড়কের কিছু কিছু অংশ নির্মাণের সিদ্ধান্ত হয়। এর মধ্যে উপজেলার নশিরপুর কালিতলা বাজার থেকে মোলামগাড়ী বুড়ির পুকুর মোড় পর্যন্ত এক কিলোমিটার পাকা করার জন্য ৩৬ লাখ ১০ হাজার ৯৫০ টাকা বরাদ্দ করা হয়। গত ৩ এপ্রিল এই রাস্তার উদ্বোধন করেন আওয়ামী লীগের নেতা আবু সাঈদ।
একই দিন উপজেলার ক্ষেতলাল-আক্কেলপুর রাস্তার এক কিলোমিটার অংশ উদ্বোধন করেন তিনি। এ কাজে বরাদ্দ হয়েছে ৪৩ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা। ৩ জুলাই তিনি ফুলদিঘি-শিবপুর রাস্তার এক কিলোমিটার অংশের কাজ উদ্বোধন করেন। এ কাজের জন্য ৪৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
বাকি দুটি রাস্তার নির্মাণকাজ শুরু হলেও উদ্বোধন করা হয়নি। এগুলো হচ্ছে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উপজেলার মাটির ঘর থেকে ছোটতারা গ্রামের এক কিলোমিটার অংশ এবং মামুদপুর-আছরাঙ্গা রাস্তার আধা কিলোমিটার অংশ। এ জন্য ৭৪ লাখ ৪২ হাজার ১১৩ টাকা বরাদ্দ করা হয়। ১৫ মে রাস্তা দুটির কাজ শুরু হয়েছে।
উপজেলা প্রকৌশলী হূদয় চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। যার নামেই বরাদ্দ আসুক, সড়কের কাজ আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে উদ্বোধন করাতে হবে। তা না হলে নেতারা ক্ষুব্ধ হবেন।
এ বিষয়ে আবু সাঈদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান বলেন, ‘এটা আমাদের সরকারের কাজ। তাই আমরাই এসব কাজ উদ্বোধন করব। কার নামে বরাদ্দ এল, সেটা আমাদের দেখার বিষয় নয়।’