বরাদ্দের অভাবে অ্যাম্বুলেন্স মেরামত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাদ্দের অভাবে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্স মেরামত করা যাচ্ছে না। এতে উপজেলার জরুরি রোগীদের অন্যত্র স্থানান্তরে সমস্যা হচ্ছে।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বেশ কিছু রোগীকে এখান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতাল বা অন্যত্র চিকিৎসার জন্য পাঠাতে হয়। ২০০৫ সালে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে যায়। এ অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারিতে হাসপাতালে নতুন একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। গত ৬ জুলাই সন্ধ্যায় অ্যাম্বুলেন্সটি ধুনট-শেরপুর সড়কের উল্লাপাড়া গ্রামের কাছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক খালেকুজ্জামান মদ্যপ ছিলেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, খালেকুজ্জামান ৬ জুলাই রাতে মদ্যপ অবস্থায় অ্যাম্বুলেন্স চালিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরার পথে ধুনটের মাঠপাড়ায় অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। এ কারণে ভ্রাম্যমাণ আদালতে তাঁর ছয় মাসের কারাদণ্ড হয়েছে।চালক খালেকুজ্জামান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত আমাকে মিথ্যা দণ্ড দিয়েছেন। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করে জামিনে মুক্তি পেয়েছি। তবে এখনো মামলা চলছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে ফিরোজা বলেন, ওই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অ্যাম্বুলেন্স মেরামতের জন্য এত দিন অর্থ বরাদ্দ ছিল না। কিছু দিনের মধ্যে বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পেলেই অ্যাম্বুলেন্স দুটি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য গ্যারেজ নির্মাণ করা হবে।