বরাদ্দের অভাবে কাজ বন্ধ, আড়াই লাখ মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে বরাদ্দ না পাওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বড়দহ সেতুর কাজ আটকে গেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের আড়াই লক্ষাধিক মানুষকে ২০ কিলোমিটার ঘুরে জেলা শহরে যাতায়াত করতে হচ্ছে। গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কে করতোয়া নদীর ওপর বড়দহ সেতুর নির্মাণকাজ শুরু হয়। ওই সালেই সেতুটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। প্রথমে ব্যয় ধরা হয় তিন কোটি ৬৬ লাখ আট হাজার টাকা। এর মধ্যে দুই কোটি টাকা ব্যয়ে তিনটি স্প্যান ও স্প্যানের ওপরের অংশ নির্মাণ করা হয়েছে। প্রথম দফায় ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছিল। দ্বিতীয় দফায় ২০০৯ সালে ১২ কোটি টাকা অনুমোদন করা হয়। ওই সালেই কার্যাদেশ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় মেসার্স এমবিএল নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম বলেন, বড়দহ সেতু নির্মাণে দ্বিতীয় দফায় ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে একটি স্প্যান, গার্ডার ও সংযোগ সড়ক নির্মাণ করা হবে। কিন্তু নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় দর সংশোধন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এতে ব্যয় হবে ২২ কোটি টাকা। এখনো অনুমোদন পায়নি। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।গত ২৮ নভেম্বর সরেজমিন দেখা গেছে, অসমাপ্ত এই সেতুর কয়েকটি স্প্যান জাহাজের মতো দাঁড়িয়ে আছে। সেতুর ছবি তোলার সময় সেতুসংলগ্ন একই উপজেলার নাকাইহাট গ্রামের মিজানুর রহমান বলেন, সেতু না থাকায় উপজেলার রাখালবুরুজ, মহিমাগঞ্জ, পোঁচাশহর, শিবপুর ও নাকাই ইউনিয়নের মানুষকে ২০ কিলোমিটার ঘুরে জেলা শহরে যাতায়াত করতে হচ্ছে। এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।সেতু না থাকায় বড়দহ সেতু এলাকায় গড়ে উঠেছে খেয়াঘাট। এ ঘাটের নৌকা দিয়ে লোক ও যানবাহন এপার থেকে ওপারে পারাপার করা হচ্ছে। পারাপারের জন্য জনপ্রতি দুই টাকা এবং বাইসাইকেল, মোটরসাইকেল ও রিকশা-ভ্যান পারাপারে ১৫ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।