বরাদ্দের অভাবে খাল খনন ও বাঁধ অপসারণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাদ্দের অভাবে মংলা-ঘষিয়াখালী চ্যানেলে সংযুক্ত ৩২টি মূল খাল এবং অর্ধশতাধিক খালের বেশির ভাগের বাঁধ অপসারণ ও খননকাজ আবার বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, খালগুলো সঠিকভাবে খনন করা না হলে চ্যানেলে পানির স্রোত আশানুরূপ হবে না। এতে চ্যানেলে দ্রুত পলি জমে নাব্যতা-সংকট দেখা দেবে।
মংলা ও রামপাল উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে চ্যানেল-সংলগ্ন ৩২টি মূল খাল ও আরও ৩০৩টি শাখা খাল চিহ্নিত করে প্রশাসন। নাব্যতা-সংকট ও দখল করে চিংড়ি চাষ করায় এ খালগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। রামপালে ২৪৬টি খালের ওপর ১ হাজার ১১৮টি অবৈধ বাঁধ এবং মংলায় ৭২টি খালের ওপর ২৫২টি অবৈধ বাঁধের তালিকা করে প্রশাসন। ডিসেম্বর থেকে জুন পর্যন্ত মংলার ১৮টি সংযোগ খালের আংশিক পলি ও ১৬৭টি অবৈধ বাঁধ এবং রামপালের ১৩টি খালের ১৫৮টি অবৈধ বাঁধ ও সীমিত আকারে পলি অপসারণ করে উপজেলা প্রশাসন। তবে বরাদ্দের অভাবে তখন বাঁধ ও পলি অপসারণ বন্ধ হয়ে যায়। পরে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশে এ দুই উপজেলার খালের তালিকা সংশোধন করে জেলা প্রশাসন ৮২টি মূল খাল চিহ্নিত করে এবং আবার বাঁধ অপসারণ শুরু করে। তবে বরাদ্দের অভাবে খালগুলোর পলি অপসারণ ও খননকাজ বন্ধ আছে।
মংলা-ঘষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, দুই যুগ ধরে মংলা-রামপালের তিন শতাধিক খাল প্রভাবশালী ব্যক্তিরা বাঁধ দিয়ে আটকে চিংড়ি চাষ করছেন। খননের অভাবে এ খালগুলো মৃতপ্রায়। আবার অনেক খালের ওপর সরকারি-বেসরকারি স্থাপনা, বাড়িঘর নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা ও বাঁধ অপসারণ করতে হবে। এতে খালের স্রোতোধারা ঘষিয়াখালী চ্যানেলের সঙ্গে মিশে পানির প্রবাহ বহুগুণ বৃদ্ধি পাবে। চ্যানেলটি আবার আগের মতো সচল হবে।
মংলা-ঘষিয়াখালী চ্যানেল খননের পরামর্শক প্রতিষ্ঠান হোসেন সিইজিআইএসের রিভার ডেল্টা অ্যান্ড কোস্টাল মরফোলজি বিভাগের বিশেষজ্ঞ এ টি এম কামাল বলেন, জোয়ার-ভাটাপ্রবণ এ চ্যানেলে প্রতিদিন কয়েক হাজার ঘনমিটার পলি আসছে। এটা যদি প্রাকৃতিকভাবে শাখা নদী ও শাখা খালে ছড়িয়ে দেওয়া না যায়, তাহলে মূল চ্যানেলে আবারও পলি জমে ভরাট হয়ে যাবে। আবার এ পর্যন্ত নদী ও খালগুলোর খনন সঠিক নকশায় হয়নি। মূল চ্যানেল অনেক গভীর করে খনন করা হয়েছে। কিন্তু খালগুলো সে তুলনায় অনেক কম গভীরতায় খনন করা হয়েছে। ফলে চ্যানেলের পানি খালে ঠিকমতো পৌঁছাতে পারছে না। এ জন্য খালগুলো খননের সময় এ বিষয়টি বিবেচনায় রাখা উচিত।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘খালের পলি ও বাঁধ অপসারণে যে বরাদ্দ প্রয়োজন, তা আমরা পাইনি। সীমিত আকারে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা টিআর ও কর্মসূচির কাজের প্রকল্প দিয়ে এত দিন আমরা কাজ চালিয়ে এসেছি। তাতে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের সঙ্গে সামঞ্জস্য রেখে খাল খনন সম্ভব নয়।’
খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন, ‘আমরা এ চ্যানেল সংযুক্ত ৮২টি খালের খনন ও বাঁধ অপসারণে সরকারের কাছে বরাদ্দের আবেদন করেছি। এ ছাড়া খাল খননে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছি। তারা চ্যানেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক নকশায় খাল খনন করতে পারবেন।’