বরাদ্দের অভাবে পাঁচটি প্রকল্পের কাজ বাতিল
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০১৩-১৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপির) অর্থ বরাদ্দ কম থাকায় ১৪ লাখ টাকার পাঁচটি উন্নয়নকাজ বাতিল হয়েছে।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বিড়ালিজোত গ্রামের ভাঙন রোধে প্ল্যাসেটিং নির্মাণ, দেবনগর ইউনিয়নের কালভার্ট নির্মাণ, শালবাহান ইউনিয়নে গরিব মানুষকে বিনামূল্যে নলকূপ সরবরাহ, ভজনপুর ডিগ্রি কলেজের পুকুরপাড়ে বেঞ্চ নির্মাণ ও তিন প্রতিষ্ঠানে (মৎস্য, সমাজসেবা ও মাধ্যমিক শিক্ষা) শৌচাগার নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা পাঁচ ঠিকাদারি প্রতিষ্ঠানের গত মে মাসে কাজ শুরু করার কথা ছিল। কিন্তু এডিপির বরাদ্দ কমে যাওয়ায় কাজগুলো বাতিল হয়েছে।
দেবনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ইউনিয়নের ওই কালভার্টটি খুবই জরুরি ছিল। কিন্তু বরাদ্দের অভাবে নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে এলাকাবাসীর দুর্ভোগ থেকেই গেল।
উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, এডিপির ৮৩টি প্রকল্পে ৫৬ লাখ ৪৪ হাজার টাকা চার কিস্তিতে দেওয়ার কথা ছিল। সে হিসেবে চতুর্থ কিস্তিতে ১৪ লাখ টাকা বরাদ্দ পাওয়ার কথা। কিন্তু বরাদ্দ এসেছে মাত্র এক লাখ ৩০ হাজার টাকা। বাকি টাকা না পাওয়ায় ওই প্রকল্পগুলো বাতিল করতে হয়েছে। তবে চলতি অর্থবছরে এসব প্রকল্প অগ্রাধিকার পাবে।