ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দের আগে কেউ প্রতীক নিয়ে প্রচার চালাতে পারবেন না। এই বিধান করে গতকাল ইউপি নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেন।
মো. শাহনেওয়াজ বলেন, আইন অনুসারে প্রতীক বরাদ্দের আগেই প্রচারে নামার সুযোগ আছে। কিন্তু রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতীক কী হবে, তা আগে থেকে জানা থাকায় তাঁরা প্রতীক নিয়ে আগাম প্রচারে নেমে যান। এতে স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার হন। সে জন্য কমিশন প্রস্তাব করেছে, বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচারে নামা যাবে না। তবে প্রতীক ছাড়া ব্যক্তিগতভাবে প্রচার চালানো যাবে।
বিদ্যমান আচরণবিধিতে বলা আছে, প্রতীক বরাদ্দ না হলেও ভোট গ্রহণের ২১ দিন আগে থেকে প্রচার শুরু করা যাবে। এই সুযোগ নিয়ে পৌরসভা নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীরা বরাদ্দের আগেই প্রতীক নিয়ে প্রচারে নেমে যান। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করলে কমিশন বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচার চালানো যাবে না বলে প্রজ্ঞাপন জারি করে।
কমিশনার শাহনেওয়াজ বলেন, নির্বাচনী আচরণবিধির (ইউপি) খসড়া চূড়ান্ত করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই এই বিধি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানরা প্রচারে নামতে পারবেন। তবে প্রচারে তাঁরা সরকারি সুবিধা ব্যবহার করতে পারবেন না।
এর আগে ইউপি নির্বাচন পরিচালনাবিধির খসড়া চূড়ান্ত করে যাচাই-বাছাইয়ের জন্য গত রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা না করেই কমিশন বিধিমালা চূড়ান্ত করল। এর আগে পৌরসভা নির্বাচনের ক্ষেত্রেও কমিশন তাই করেছিল। তখন কমিশন থেকে বলা হয় সময় না থাকায় দলগুলোর সঙ্গে আলোচনা করা সম্ভব হয়নি।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, পৌর নির্বাচনের বিধিমালার সঙ্গে ইউপির বিধিমালার বড় ধরনের কোনো পার্থক্য নেই। সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনের বিধিমালা নিয়ে কোনো দল আপত্তি জানায়নি। যে কারণে ইউপির বিধি নিয়েও তাদের আপত্তি আছে বলে মনে হয় না। কারও আপত্তি থাকলে সেটা তারা জানালে কমিশন বিবেচনায় নেবে।