বরাদ্দের আগেই ঘর দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের ঠাকুরঝি এলাকায় ‘ঠাকুরঝি’ আশ্রয়ণ প্রকল্পে ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে৷ চূড়ান্তভাবে বরাদ্দ পাওয়ার আগেই ভূমিহীনদের ঘর দখল করে বসবাস শুরু করেছেন প্রভাবশালী ব্যক্তিদের লোকজন৷
তবে স্থানীয় প্রশাসন বলছে, উপজেলা প্রশাসন থেকে তালিকা প্রকাশের পর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মূল বরাদ্দ পাওয়া ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেওয়া হবে৷
স্থানীয় লোকজনের অভিযোগ, আওয়ামী লীগ ও বিএনপির নেতারা তাঁদের পছন্দের লোকজনকে ঘরে তুলে দিয়েছেন৷ এতে করে প্রকৃত ভূমিহীন ব্যক্তিরা বিপাকে পড়েছেন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর সূত্রে জানা যায়, ২০১২ সালে হতদরিদ্র ও ভূমিহীনদের আবাসন নিশ্চিত করার জন্য উপজেলার ঝিকড়া ইউনিয়নের খাসজমিতে ৫০টি ঘরের ঠাকুরঝি আশ্রয়ণ প্রকল্প হাতে নেওয়া হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০১৩ সালে ঘরগুলোর নির্মাণকাজ শেষ হয়৷ এর পর সেনাবাহিনী ঘরগুলোতে তালা ঝুলিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে চাবি বুঝিয়ে দেয়৷ চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জেলার চারঘাটে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের উদ্বোধন করেন৷ তবে তালিকা চূড়ান্ত করার পর উপজেলা প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো তা করা হয়নি৷
ইউএনও সাদেকুল ইসলামকে আহ্বায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামানকে সদস্য করে একটি কমিটি করা হয়৷ তাঁরা কয়েক দফায় হতদরিদ্র ও ভূমিহীনদের তালিকা করলেও তা চূড়ান্ত করতে পারেননি৷ ফলে ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করাও সম্ভব হয়নি৷ এই সুযোগে প্রভাবশালী ব্যক্তিদের পছন্দের লোকজন তালা ভেঙে ঘর দখল করে নিয়েছেন৷ চলতি মাস থেকে তাঁরা ঘরগুলোতে বসবাস শুরু করেছেন৷
জোয়ানভাগ গ্রামের প্রতিবন্ধী আবদুর রহিম ও ভূমিহীন জিয়া জানান, ইউপি চেয়ারম্যান এসে তাঁদের নাম নিয়েছেন৷ চেয়ারম্যান স্বাক্ষরিত ভূমিহীনের সনদ ও তালিকায় নাম থাকলেও তাঁরা ঘরে উঠতে পারেননি৷
স্থানীয় ঝিকড়া ইউপির চেয়ারম্যান সাইদুজ্জামান জানান, স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা তালা ভেঙে তাঁদের পছন্দের লোকজনদের ঘরে তুলে দিয়েছেন৷ এ বিষয়ে কয়েকবার প্রশাসনকে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি৷
সম্প্রতি সরেজমিনে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে কয়রাবাড়ির আবদুস সাত্তার, রাজামারপুরের আরমান আলী, ঝিকড়ার সোহেল রানা, শরিফ, মনিরসহ অর্ধশত পরিবারকে বসবাস করতে দেখা যায়। তাঁরা জানিয়েছেন, তালিকায় নাম থাকায় সরকার তাঁদের চাবি বুঝিয়ে না দিলেও নিজেদের পছন্দের ঘরে উঠেছেন৷ তা না হলে অন্যরা ঘরগুলো দখল করে নিতে পারেন, এ আশঙ্কায় তাঁরা উঠেছেন৷
তবে ইউএনও সাদেকুল ইসলাম বলেন, ৫০টি তালিকার মধ্যে ৪৮টির অনুমোদন দিয়ে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে৷ জেলা প্রশাসন থেকে চূড়ান্ত অনুমোদনের কপি এখনো পাওয়া যায়নি৷
প্রভাবশালী ব্যক্তিদের ঘর দখল প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটি উদ্বোধনের আগেই আশপাশের লোকজন ঘরগুলোতে উঠে গেছেন৷ চূড়ান্তভাবে অনুমোদনের কপি হাতে এলেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ভূমিহীনদের আনুষ্ঠানিকভাবে ঘরগুলো দেওয়া হবে৷