বরাদ্দের আগেই প্রতীক নিয়ে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে গতকাল শুক্রবার ঘুড়ি প্রতীক নিয়ে মহড়া করার অভিযোগ উঠেছে। ওই প্রার্থীর নাম মতিউর রহমান। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল বিকেলে সুমিলপাড়া এলাকায় মতবিনিময় সভার ব্যানারে ঘুড়ি প্রতীক নিয়ে সমাবেশ করা হয়। পরে মতিউর রহমানের পক্ষে কয়েক শ নারী বিভিন্ন সড়ক ঘুরে ‘মতি ভাইয়ের মার্কা, ঘুড়ি মার্কা’ বলে স্লোগান দেন।
এলাকার কয়েকজন বলেন, আধিপত্য ধরে রাখতে ক্ষমতাসীন দলের ওই কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রতীক বরাদ্দ না হওয়ার আগেই ঘুড়ি মার্কা নিয়ে স্লোগান ও মিছিল করা হয়েছে। মতবিনিময় সভার নামে এ ধরনের নির্বাচনী সভা করা আচরণবিধির লঙ্ঘন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান বলেন, ‘সভায় কয়েকজন ঘুড়ি প্রতীক নিয়ে এসেছিলেন। তাঁদের একজন একটি ঘুড়ি আমার হাতে দিয়েছেন। এর বেশি কিছু নয়।’
এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী সভা করতে পারবেন না। ৬ নম্বর ওয়ার্ডের আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।