বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য সরকারি সহায়তার আশায় বসে না থেকে নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছেন কক্সবাজারের রামু উপজেলার চরমারকুল ইউনিয়নের বাসিন্দারা। তাঁরা বলছেন, সরকারি বরাদ্দের জন্য বসে থাকলে বন্যার কারণে এলাকায় বসবাস ও চাষাবাদ করা যাবে না। তাই প্রতিদিন স্বেচ্ছাশ্রম দিয়ে বাঁধের সংস্কারকাজ চালাচ্ছেন তাঁরা। চরমারকুল ইউনিয়নের মিস্ত্রিপাড়াসংলগ্ন বাঁকখালী নদীর দুটি বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে ইতিমধ্যে ১০টি গ্রামের প্রায় এক হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ১৫০ একর জমির আমন ফসল। নদীতে পানি বাড়লেই বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে গ্রামগুলো প্লাবিত হচ্ছে। বাঁধের দুটি ভাঙা অংশের মোট দৈর্ঘ্য প্রায় ১৭০ ফুট। স্থানীয় বাসিন্দারা বলেছেন, এই বিরাট অংশে মাটি ভরাট করার কাজে যে অর্থ ও লোকবল দরকার, তা সরকারি বরাদ্দ ছাড়া সংস্থান করা সম্ভব নয় বলেই তাঁরা ভেবেছিলেন। কিন্তু চরমারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মুফিদুল আলম তাঁদের সে ধারণা বদলে দিয়েছেন। তিনি প্রথম সরকারি সাহায্য ছাড়াই বাঁধ সংস্কারের উদ্যোগ নেন। তাঁর নেতৃত্বে এগিয়ে আসে এলাকাবাসী। গত মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে প্রতিদিন অর্ধশতাধিক গ্রামবাসী বিনা পারিশ্রমিকে কাজ শুরু করেন। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক। স্থানীয় বাসিন্দা হাফেজ আহমদ, মকবুল আহমদ, নুরুল ইসলাম ও আলী হোসেন জানান, ভাঙা বাঁধের কারণে বাঁকখালী নদীতে পানি বাড়লেই গ্রামগুলো পানিতে সয়লাব হয়ে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হয়। ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম প্রথম আলোকে জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর কোনো সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। কিন্তু জরুরি ভিত্তিতে বাঁধ দুটি সংস্কার করা না হলে এলাকার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বিষয়টি তিনি এলাকাবাসীকে বোঝালে তাঁরা স্বেচ্ছাশ্রম দিতে রাজি হন। গত মঙ্গলবার থেকে প্রতিদিন অর্ধশতাধিক লোক সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা বাঁধ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ দিচ্ছেন আর্থিক সহায়তা। ইউপি চেয়ারম্যান মনে করছেন, ১৫ দিনের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ হবে। স্থানীয় ইউপি সদস্য আজিজ আহমদ ও মো. হাসান জানান, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এখানে দুবার বন্যা হয়। দুবারের বন্যায় প্রায় ১৫ দিন পানিবন্দী ছিল এখানকার মানুষ। এতে প্রায় সব পরিবারেই খাদ্যসংকট দেখা দেয়, যা এখনো পুরোপুরি কাটেনি। এ অবস্থায়ও গ্রামবাসী বিনা পারিশ্রমিকে স্বতঃস্ফূর্তভাবে শ্রম দিচ্ছে। মানবিক কারণে কিছু লোককে নামমাত্র পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এ ছাড়া বালু, বাঁশ ও প্লাস্টিকের বস্তা কেনার পেছনে মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে। বিত্তবানদের দেওয়া অর্থসহায়তা থেকে এ খরচ মেটানো হচ্ছে।গত বৃহস্পতিবার দুপুরে এলাকায় গেলে দেখা যায়, প্রায় ৪০ জন লোক কাজ করছেন। কেউ বস্তায় বালু ভরছেন, কেউ সেই বস্তা ফেলছেন পানিতে। আর কাজ তদারক করছেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। স্বেচ্ছাশ্রমে নিয়োজিত আমিন উদ্দিন, নবী হোছন, জিয়াবুল হোছন জানান, সরকারি বরাদ্দের জন্য বসে থাকলে এলাকায় আর চাষাবাদ করা যাবে না, মানুষকে না খেয়ে মরতে হতো। তাই নিজেরা সকালবেলা দুই ঘণ্টা শ্রম দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন। এতে তাঁদের কোনো সমস্যা হচ্ছে না। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার বালুভর্তি বস্তা ভাঙা অংশে ফেলা হয়েছে বলে তাঁরা জানান। ইউএনও শহীদ মো. ছাইদুল হক প্রথম আলোকে বলেন, সরকারিভাবে এ কাজ করতে গেলে কমপক্ষে পাঁচ-ছয় লাখ টাকা দরকার হতো, কিন্তু তত দিনে এলাকাবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হতো।