বরাদ্দের সব টাকা খরচ করেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নির্মাণকাজ শেষ হয়নি। অথচ নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুন মাসে। এদিকে ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থীকে শহরের বিভিন্ন মেসে থেকে লেখাপড়া করতে হচ্ছে। ক্লাস করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে হয় অনেক শিক্ষার্থীকে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৫৮ কোটি ৪২ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়। এর মধ্যে ৪০০ ছাত্রের আবাসনের জন্য চার তলাবিশিষ্ট একটি ছাত্রহল নির্মাণের জন্য নয় কোটি ১৪ লাখ এবং ২০০ ছাত্রীর আবাসনের জন্য একটি দোতলা হল নির্মাণের ব্যয় ধরা হয় পাঁচ কোটি ৪৩ লাখ টাকা।ছাত্রহলের প্রথম ধাপের নির্মাণকাজ পায় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান শামসুজ্জামান জেবি ও পরের দফার কাজ পায় যশোরের পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ছাত্রীহল নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকৌশলী ও নির্মাতা লিমিটেড। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, ওই ছাত্রহলের তিন তলা পর্যন্ত নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। আর চতুর্থ তলার কাজ হয়েছে আংশিক। ছাত্রীহলের দুটি অংশের মধ্যে একটি অংশের দোতলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। অন্য অংশের কাজ শেষ হয়েছে এক তলা পর্যন্ত।সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের নয়টি বিভাগে মোট ৫৯০ জন শিক্ষার্থী লেখাপড়া করছেন।বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র রাসেল পারভেজ জানান, ভর্তি হওয়ার পর থেকেই দেখছি হল নির্মাণের কাজ চলছে।পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী আজমল হক সরকার বলেন, প্রথম দফায় (প্রথম দরপত্রে) যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে, তারা বেশি খরচ করে গেছে। এ কারণে দ্বিতীয় দফায় সমস্যা হচ্ছে। এদিকে বরাদ্দের টাকায় যতটুকু কাজ করা যায় ‘ব্যবহার উপযোগী’ করে, ততটুকু কাজ শেষ করতে বলা হয়েছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর থেকে।শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর যশোরের সহকারী প্রকৌশলী হাসান শওকত বলেন, ২০০৪ সালের বাজার দরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের প্রকল্পপ্রস্তাব জমা দেওয়া হয়। ২০০৬ সালে তা সংশোধন করা হয়। আর ২০০৮ সালে হলের নির্মাণকাজ শুরু হয়। ফলে প্রকল্পে ধরা বাজেটের চেয়ে দরপত্রে সর্বনিম্ন দরদাতার দরও অনেক বেশি ছিল। তখন প্রকল্প বর্ধিত করার সুযোগ রেখে কাজ শুরু করা হয়। প্রথম দফায় দরপত্রের বাইরে কিছু কাজ করতে হয়েছে। এ কারণে অতিরিক্ত খরচ হয়ে গেছে। পরে প্রকল্প বর্ধিত না হওয়ায় কাজ ঝুলে গেছে। দরপত্র অনুযায়ী কাজ শেষ করতে হলে এখনো অন্তত সোয়া কোটি টাকা লাগবে। ছাত্রীহল নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকৌশলী ও নির্মাতা লিমিটেডের দায়িত্ব পাওয়া প্রকৌশলী মিজানুর রহমান বলেন, তাঁরা কাজ করার সময় প্রকল্প বর্ধিত করার কথা বলা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বরাদ্দ না পাওয়ায় আগের বরাদ্দেই কাজ করতে হয়েছে। অবশিষ্ট কাজ করতে আরও প্রায় দেড় কোটি টাকা লাগবে।প্রকল্পের পরিচালক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, প্রকল্প অনুমোদনের সময় দরপত্রে নির্মাণসামগ্রীর যে দর ধরা হয়েছিল, পরে তা আর ঠিক থাকেনি। এ কারণে বরাদ্দের টাকা শেষ হলেও নির্মাণকাজ শেষ করা যায়নি। নতুন করে বরাদ্দ দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।