বরাদ্দের নয় বছর পর বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুস্থদের জন্য ২০০৫ সালে সরকারের বরাদ্দ দেওয়া টিন নয় বছর পর বিতরণ করা হয়েছে। সাত দিন ধরে চলা এ বিতরণ কার্যক্রম গতকাল বৃহস্পতিবার শেষ হয়। ১১৫ জন দুস্থের মধ্যে এগুলো বিতরণ করা হয়। রাজনৈতিক দ্বন্দ্বে টিনগুলো এত বছর গুদামেই পড়েছিল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, ২০০৫ সালের শুরুতে উপজেলার দুস্থদের জন্য ১৯৩ বান্ডিল (প্রতি বান্ডিলে নয়টি করে) টিন বরাদ্দ আসে। তৎকালীন বিএনপির সাংসদ আবুল খায়ের ভুঁইয়া এগুলো বিতরণের উদ্যোগ নেন। কিন্তু দুস্থদের তালিকা করতে গিয়ে দলীয় নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে দ্বন্দ্ব বাধে। এতে ভেস্তে যায় বিতরণ কাজ। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও এ (লক্ষ্মীপুর-২) আসনে সাংসদ হন বিএনপি থেকে। এবার দুস্থদের তালিকা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, ‘সাবেক সাংসদ টিনগুলো প্রকৃত দুস্থদের না দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দিতে চেয়েছিলেন। আমরা সেটা হতে দিই নাই।’
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ আবুল খায়ের ভুঁইয়া বলেন, তালিকা করতে গেলে আওয়ামী লীগ নেতারা তাঁদের পছন্দের লোকজনকে দিতে বলেন। তাতে আমি রাজি হইনি।’
পিআইও গোলাম সারওয়ার বলেন, রাজনৈতিক কারণে আগের পিআইওরা টিনগুলো বিতরণ করতে পারেননি।