বরাদ্দের শতাধিক মেট্রিক টন চাল ও সোয়া কোটি টাকা ফেরত গেল
রংপুরের মিঠাপুকুরে ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিপরীতে বরাদ্দের সোয়া কোটি টাকা ও শতাধিক মেট্রিক টন চাল ফেরত গেছে। আদালত থেকে উপজেলা পরিষদের কার্যক্রম বন্ধ থাকায় এসব বরাদ্দ ফেরত গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে দারিদ্র্য বিমোচন কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নকাজের জন্য সরকার অর্থ ও চাল বরাদ্দ করে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৭ লাখ, টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের ৬২ লাখ ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় ৩৬ লাখ টাকার কোনো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে না পারায় এই বরাদ্দ ফেরত যায়। এ ছাড়া কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় ১২৫ দশমিক ১৮০ মেট্রিক টন চালের বরাদ্দও ফেরত যায়।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম রব্বানী চেয়ারম্যান, আবদুল বাছেদ মারজান ভাইস চেয়ারম্যান ও মোরশেদা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর মধ্যে চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির ও দুই ভাইস চেয়ারম্যান জামায়াতের সদস্য। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা ও আদালতে অভিযোগপত্র দাখিল হয়। তাঁরা এখন কারাগারে। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সরকার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে এ বছরের ২৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁকেও অব্যাহতি দিয়ে ইউএনওকে আর্থিক লেনদেন করার দায়িত্ব দেওয়া হয়। ইউএনও উপজেলা পরিষদের কাজ করেছিলেন। কিন্তু গত ১৬ মার্চ জাকির হোসেনের পক্ষে হাইকোর্টে রিট করা হলে উপজেলা পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে এই সময়ের মধ্যে সরকারি বরাদ্দের ওই সোয়া কোটি টাকা ও শতাধিক মেট্রিক টন চাল ফেরত যায়।
এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি কিছু প্রকল্পের কাজ পরিচালনা করেছি। তবে হাইকোর্টে আগের চেয়ারম্যানের পক্ষে গত ১৬ মার্চ রিট পিটিশন করা হলে উপজেলা পরিষদের কার্যক্রম বন্ধ হয়। ফলে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই এ সময়ের মধ্যে সরকারি বরাদ্দের টাকা ও চাল ফেরত পাঠাতে হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর দিন কয়েক হাজার জামায়াত-শিবিরের নেতা-কর্মী তাণ্ডব চালান। তাঁরা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেন। এরপর ২০১৪ সালের ১৩ জানুয়ারি ঢাকা-রংপুর মহাসড়কে বাতাসন ফতেপুর এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী খলিল এন্টারপ্রাইজ নামের নৈশ বাসে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এতে পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। এসব উল্লেখযোগ্য ঘটনাসহ আরও কিছু নাশকতার অভিযোগে তাঁদের তিনজনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একাধিক মামলা হয়। এর মধ্যে চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে মেরে হতাহতের ঘটনায় মামলার অভিযোগপত্র গত বছর ১৭ মে আদালতে দাখিল করা হয়েছে। সেই মামলায় নির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান এই তিনজনই অভিযোগপত্রভুক্ত আসামি বলে আদালত সূত্র জানায়।