বরাদ্দের সিংহভাগ লুটপাট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ১৯০টি প্রকল্পের ৬০০ মেট্রিক টন চালের বেশির ভাগই আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি হিসাবে, এ চালের মূল্য প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা।

চলতি বছরের জানুয়ারি মাসে এই প্রতিবেদক ৫০টি প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এর মধ্যে সাতটি প্রকল্পের প্রতিষ্ঠানপ্রধানেরা বরাদ্দ সম্পর্কে কিছুই জানেন না। এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হলেও এগুলোর কোনো অস্তিত্ব নেই। অন্য ৩৮টির নামে যে বরাদ্দ দেওয়া হয়েছে তার বাজারমূল্যের এক-চতুর্থাংশ অথবা এর চেয়েও কম পরিমাণ অর্থ পেয়েছে সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠান।

নান্দাইল সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করতে ছয় টন এবং হোমিওপ্যাথি সমিতি ও মুদারেছিনে বাংলাদেশ নান্দাইল শাখার উন্নয়নের জন্য দুই টন করে চাল বরাদ্দ দেওয়া হলেও এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া খুররম খান চৌধুরী কলেজ উন্নয়নে ছয় টন, বারুইগ্রাম চৌরাস্তা বাজার উন্নয়নে চার টন এবং কুলধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে তিন টন করে চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম, দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদি বেগম ও আমিনুল ইসলাম এবং বাজারের ইজারাদার আবদুল মালেক বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

মুশুলি স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে চার টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মইনুল হোসেন বলেন, ইউএনও তাঁকে ডেকে নিয়ে মাত্র ৩০ হাজার টাকা দিয়েছেন। রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে বরাদ্দ হয় চার টন চাল। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় কমিটির সভাপতি মতিউর রহমান ভূঁইয়া আমাকে ২০ হাজার টাকা দিয়েছেন। তা দিয়ে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ বানিয়েছি।’

অভিযোগ রয়েছে, ভাটি গোরস্থান বাগেজান্নাত হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নের দুই টন চাল তুলে আত্মসাৎ করেছেন নান্দাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন। জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মাত্র ১২ হাজার টাকা পেয়েছি। এ টাকা থেকে খরচ মেটানোর পর মাত্র তিন হাজার টাকা হাতে রয়েছে। এ অর্থ মাদ্রাসায় দিয়ে দেব।’

রাজগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান কালীগঞ্জ বাজারের শৌচাগার নির্মাণ প্রকল্পের সভাপতি বনে গিয়ে পাঁচ টন চাল আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে তাঁর দাবি, তিনি পেয়েছেন ২৫ হাজার টাকা। বাকি টাকা সম্পর্কে তিনি কিছু জানেন না।

জানতে চাইলে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘প্রকল্পের বরাদ্দপত্র ছাড় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। প্রকল্পের কাজ কতটুকু বাস্তবায়ন হয়েছে অথবা বরাদ্দ আত্মসাৎ হলো কি না, তা দেখার দায়িত্ব ওই কর্মকর্তাদের। এটি দলের বিষয় নয়।’

জানা যায়, দশম সংসদ নির্বাচনের আগ মুহূর্তে প্রকল্পের বরাদ্দ বিতরণকাজের সমন্বয় করেন তৎকালীন ইউএনও আবদুল হামিদ মিয়া ও পিআইও এ কে এম খোরশেদ আলম। ইউএনও আবদুল হামিদ মিয়া বর্তমানে রাজউকে উপপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

আবদুুল হামিদ মিয়া দাবি করেন, তিনি টিআর প্রকল্পের বরাদ্দ বিতরণ করেননি। এ-সংক্রান্ত কাগজপত্রে তাঁর (ইউএনও) স্বাক্ষর থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তৎকালীন সাংসদ আবদুস সালাম টিআর প্রকল্পের তালিকা প্রণয়ন ও কমিটি অনুমোদন করেন। সরকারি কর্মকর্তা হিসেবে তাঁকে স্বাক্ষর দিতে হয়েছে। পিআইও এ কে এম খোরশেদ আলম বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ পর্যন্ত কতগুলো প্রকল্পের কাজ পরিদর্শন ও কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে—সে সম্পর্কে কোনো তথ্য তিনি জানাতে পারেননি।