বরাদ্দের ৩৪৩ টন গম ফেরত গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা থেকে ৩৪৩ মেট্রিক টন গমের বরাদ্দ ফেরত গেছে। সরাসরি কৃষকের কাছ থেকে না পাওয়ায় গম কেনা অভিযান পুরোপুরি সফল হয়নি বলে জানিয়েছে উপজেলা খাদ্য বিভাগ।
তবে কৃষকদের অভিযোগ, খাদ্যগুদামে গম বা ধান বেচতে গেলে গুদামের লোকজন কৃষকের সঙ্গে ঝামেলা করেন। কৃষি সহায়তা কার্ড, ভোটার আইডি কার্ড জমা দিতে হয়। ব্যাংকে হিসাব নম্বর (অ্যাকাউন্ট) খুলতে হয়। এ ছাড়া ভরা মৌসুমে সরকার গম কেনেনি। অনেক কৃষক গম কেনার খবর জানতেনও না। সরকার কেনার সময় কৃষকের ঘরে গম ছিল না।
উপজেলা খাদ্যগুদাম কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সরকারিভাবে উপজেলায় ৫৪৬ মেট্রিক টন গমের বরাদ্দ পাওয়া যায়। সারা দেশে ২৮ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে গত ১০ এপ্রিল থেকে গম কেনা শুরু হয়। বদরগঞ্জ খাদ্যগুদামে গম কেনা শুরু হয় এক মাস এক দিন পর ১১ মে থেকে। প্রথমে ৩১ মে পর্যন্ত ও পরে তা বাড়িয়ে ৭ জুন পর্যন্ত গম কেনা হয়।
আমরুলবাড়ি গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এবার তিন বিঘাত জমিতে গম পাচি ৩৬ মণ। খরচ হইচে ৩৫ হাজার টাকা। প্রতি মণ ৬২০ টাকা দরে ওই গম বাজারোত বেচেয়া পাছি ২২ হাজার ৩২০ টাকা। লস খাচি ১৮ হাজার ৮২০ টাকা।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হামরা একবারও খাদ্যগুদামোত গম দিবার পারি নাই। হামার ঘরোত যখন গম আছিল না, তখনে গুদামোত কিনছে।’
লোহানীপাড়া গ্রামের কৃষক শাহাদত হোসেন (৬০) বলেন, ‘এবার গুদামোত দুবস্তা করি গম কিনছে সরকার। তাক দিবার যায়া কত ঝামেলা। ব্যাংকোত অ্যাকাউন্ট খুলবার নাগে। কৃষি কার্ড, ভোটার কার্ড নাগে। গুদামোত একদিন গেছনো কাঁয়ো কথা কয় না। হামার নুঙ্গি পেন্দা (লুঙ্গি পরা) মাইনষের কথা কাঁয় শোনে?’
মধুপুরের কৃষক হরলাল রায়, জাহেদুল হক, ইদ্রিস আলীসহ অন্তত ১৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার কবে গম কেনা শুরু ও কবে শেষ করেছে, তা তাঁরা জানেন না।
মধুপুরের কৃষক ইয়াছিন আলী বলেন, ‘গুদামোত দুবস্তা গম বিক্রি কইরবার যায়া সাত চরকা দেখছি। ব্যাংকোত অ্যাকাউন্ট খুলতে গেইছে দুদিন, ভোটার আর কৃষি কার্ড জমা দিতে গেইছে এক দিন, গম গুদামোত ঢুকাইতে নাগছে দুদিন। ফির টাকা তুলতে গেইছে এক দিন। দুই বস্তা গম বিক্রি কইরবার যায়া ছয় দিন নষ্ট হইছে। আর কোনো দিন গুদামোত যাবার নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক বদরগঞ্জের দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, গম-ধান যখন কেনার দরকার, তখন সরকার কেনে না। কৃষকের ঘর অনেকটা শূন্য হওয়ার পর সরকার কেনা শুরু করে। তাই এর সুফল কৃষক পায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্যগুদামের এক কর্মকর্তা বলেন, এবার সরাসরি কৃষকের কাছ থেকে দুবস্তা করে গুদামে গম কেনা হয়েছে। এই দুই বস্তা গম দিতে কৃষকের ভোটার আইডি কার্ড, কৃষি সহায়তা কার্ড জমাসহ কৃষকের নামে ব্যাংকে হিসাব নম্বর খুলতে হয়। এত ঝুঁটঝামেলাসহ কৃষকদের ম্যানেজ করে ব্যবসায়ীরাও গুদামে গম দিতে আগ্রহ দেখাননি। তাই এবার গম কেনা অভিযান সফল হয়নি।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক এনামুল হক বলেন, প্রত্যেক কৃষকের কাছ থেকে প্রথমে দুই বস্তা ও পরে চার বস্তা করে গম কেনা হয়। কিন্তু কৃষকদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় গম কেনা অভিযান পুরোপুরি সফল হয়নি। তাই ৫৪৬ মেট্রিক টন বরাদ্দ পাওয়ার পরও ৩৪৩ মেট্রিক টন গম কেনা সম্ভব হয়নি। এমনকি কৃষি বিভাগও গমচাষির তালিকা দেরিতে দেওয়ায় নির্ধারিত সময়ে গম সংগ্রহ অভিযান শুরু হয়নি।
তবে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, গমচাষির তালিকা কৃষি বিভাগ থেকে সময়মতো দেওয়া ছিল। খাদ্য বিভাগ গম কেনা শুরু করে দেরিতে।