যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রকৌশলীদের সমস্যা হচ্ছে, মন্ত্রী আসলেই তাঁরা তৎপর হন, চলে গেলেই ঠিকাদারদের সঙ্গে মিলে নানা অজুহাতে কাজ বন্ধ করে দেন। সড়ক সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের যদি ৬০ শতাংশ কাজ হতো, তাহলে রাস্তাঘাটের অবস্থা এত করুণ হতো না।’নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে গতকাল শনিবার মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ঘোড়াশাল-ডাঙ্গা আঞ্চলিক সড়কের বর্তমান অবস্থা পরিদর্শন শেষে তিনি সড়ক ও জনপথের (সওজ) নরসিংদীর নির্বাহী প্রকৌশলীকে প্রশ্ন করেন, এ সড়ক কত দিনের মধ্যে চলাচল উপযোগী করা সম্ভব। এ সময় প্রকৌশলী তিন দিনের সময় চাইলে মন্ত্রী তাঁকে সাত দিন সময় দিয়ে বলেন, এর মধ্যে এই এলাকার সব সড়ক চলাচল উপযোগী করে দিতে হবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অবৈধ যানবাহন মহাসড়কে নিষিদ্ধ করার পরও এখন চলছে। এতে অনেক রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের মদদ আছে। অনেক সময় রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসনও কিছু দূর অগ্রসর হয়ে আবার পিছিয়ে যায়। আমাদের স্বভাব পরিবর্তন করতে হবে। মানুষ যদি নিজে থেকে পরিবর্তন না হয়, তাহলে ডান্ডা মেরে ঠান্ডা করা যাবে না।’ তিনি আরও বলেন, অবৈধ যান ও যানজট এখন জাতীয় সমস্যা। এ ব্যাপারে পাঁচটি মন্ত্রণালয় (স্বরাষ্ট্র, নৌপরিবহন, রেল, স্থানীয় সরকার ও যোগাযোগ) সম্মিলিতভাবে কাজ শুরু করেছে। আগামী দুই মাসের মধ্যে ঘোড়াশাল সেতু (শহীদ ময়েজউদ্দিন সেতু) ও কাঞ্চন সেতুর মাশুল (টোল) আদায়ের জায়গায় দুটি ওজন পরিমাপক যন্ত্র স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সময় নরসিংদী-২ (পলাশ) আসনের সাংসদ আনোয়ারুল আশরাফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম, জেলা প্রশাসক ওবায়দুল আজম, সওজ নরসিংদী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহর আলী ভূঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা ইয়াসমিন ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।