বরাবরই ফলাফল ভালো, তবু ‘মডেল’ শব্দটি বেমানান!
নোয়াখালীর সেনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার মধ্যে ‘মডেল’ বিদ্যালয় হিসেবে সরকারের স্বীকৃতি পেয়েছে। উপজেলার অন্য সব বিদ্যালয়ের কাছে এটি অনুকরণীয়। অথচ এই বিদ্যালয়েরই জরাজীর্ণ অবস্থা। ঘরের চালার পুরোনো টিন ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে ক্লাস করা দায় হয়ে পড়ে।সেনবাগ উপজেলা সদরের এই মডেল প্রাথমিক বিদ্যালয়ে গেলে চতুর্থ শ্রেণীর ছাত্র রাকিব হোসেন বলে, ‘আমরা ক্লাসে বইসতে পারি না। একটু বৃষ্টি হলেই জামা-কাপড়, বই-খাতা ভিজি যায়। বেঞ্চ ভিজি গেলে দাঁড়িয়ে ক্লাস করি। বৃষ্টি অইলে স্কুলে আইতে মনে কয় না।’ সরেজমিনে দেখা গেছে, ছয়টি শ্রেণীকক্ষের মাত্র দুটি পাকা একটি ভবনে। বাকি চারটি কক্ষই আধা পাকা টিনশেড দুটি ঘরে। ঘর দুটির টিনের চালাগুলো ভেঙে পড়ার উপক্রম। টিনের ফুটো দিয়ে খোলা আকাশের আলো ঢুকছে শ্রেণীকক্ষে। বৃষ্টি হলেই পানি গিয়ে পড়ে শিক্ষার্থীদের গায়ে আর বই-খাতায়।আবার শ্রেণীকক্ষগুলোও ছোট। শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। কক্ষে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষিকা জানান, কক্ষের সংকটের কারণে চতুর্থ শ্রেণীর প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে একই কক্ষে ক্লাস করানো হয়।কয়েকজন শিক্ষার্থী জানায়, তিনটি টিউবওয়েল থাকলেও বিদ্যালয়ে খাওয়ার পানির ব্যবস্থা নেই। শিক্ষক আবুল বাসার জানান, তিনটির মধ্যে একটি টিউবওয়েল ভালো ছিল। সেটিও দু-তিন দিন আগে নষ্ট হয়ে গেছে। টিউবওয়েল মেরামত করতে মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে।বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের মোট শিক্ষর্থী বর্তমানে সাড়ে ছয় শতাধিক। তাদের পাঠদানের জন্য রয়েছেন ১২ জন শিক্ষক। কিন্তু শ্রেণীকক্ষ আছে মাত্র ছয়টি। তাই শিক্ষক থাকলেও কক্ষের অভাবে শিক্ষার্থীদের ঠিকমতো ক্লাস নেওয়া যায় না।উপজেলা সদরের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘বিদ্যালয়ের নাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় না হয়ে, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেই ভালো হতো। বিদ্যালয় ভবনের যা দুরবস্থা, তাতে “মডেল” শব্দটিকেই বেমানান মনে হয়। উপজেলায় এমন জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আর বোধ হয় পাওয়া যাবে না।’ প্রধান শিক্ষক বদিউর রহমান প্রথম আলোকে জানান, ‘অবকাঠামোগত অসুবিধার পরও এই বিদ্যালয় বরাবরই ভালো ফলাফল করছে। সর্বশেষ সমাপনী পরীক্ষায় শতভাগ পাস করেছে। ট্যালেন্টপুলেসহ মোট ৩১ জন ছাত্র বৃত্তি পেয়েছে। পাঠদানের সুষ্ঠু পরিবেশ থাকলে আরও ভালো ফল হতো। সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফা জানানো হলেও কাজ হয়নি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমলকুমার বড়ুয়া বলেন, ‘আমি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার কথা জানি। বিদ্যালয়টির পাকা ভবন নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে। এখনো অনুমোদিত হয়নি।’